লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর যুগ শেষে কে হবেন ফুটবল দুনিয়ার অধিপতি? এ নিয়ে বোদ্ধাদের মাঝে নানারকম বিতর্ক আছে। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ঘোষণা করলেন, ভবিষ্যতে ফুটবলবিশ্ব শাসন করবেন স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সী তারকার মাঝে এখনই মেসির ছায়া দেখছেন অনেকে।
সৌভাগ্যক্রমে ছোটবেলাতেই মেসির ছোঁয়া পেয়েছিলেন ইয়ামাল। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী জাদুকর তাকে কোলে নিয়েছিলেন। সেই ইয়ামাল এখন বার্সেলোনার বড় তারকা। যে ক্লাবে দুই দশক খেলে গেছেন মেসি, সেই ক্লাবের জার্সিতেই এখন মাঠ মাতান ইয়ামাল। খেলার ধরন ও ম্যাচে প্রভাবের কারণেই তার সঙ্গে মেসির তুলনা করা হয়ে থাকে। এবার মেসি নিজেই তাকে বড় সার্টিফিকেট দিলেন।
সম্প্রতি জার্মানিতে অ্যাডিডাসের এক অনুষ্ঠানে মেসির কাছে জানতে চাওয়া হয়, তিনি কার মাঝে নিজের ছায়া দেখেন? জবাবে মেসি বলেন, ‘তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে, যাদের সামনে অনেক বছর পড়ে আছে। যদি কাউকে বেছে নিতে হয়, সেটা তার বয়স ও ভবিষ্যতের কারণে, আমি শুনেছি অনেকেই লামিনে ইয়ামালকে বেছে নিয়েছে। কোনো সন্দেহ নেই আমিও তা–ই নেব, আমি একমত। তবে এটা তার ওপর এবং আরও অনেক কিছুর ওপর নির্ভর করছে। কারণ, ফুটবল এমনই। কিন্তু সেই ফুটবলের বর্তমান এবং নিঃসন্দেহে তার সামনে দারুণ ভবিষ্যৎ।’