আল্লু অর্জুনের ১৪ দিনের জেল 

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে শুক্রবারই তাকে গ্রেপ্তার করে হায়দরাবাদের চিক্করপল্লী থানায় নেওয়া হয়। আদালত আগামী সোমবার পর্যন্ত গ্রেপ্তার স্থগিত করার একটি আবেদনও খারিজ করে দিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সকালে আল্লু অর্জুনকে তার জুবিলি হিলসের বাড়ি থেকে চিক্করপল্লী থানায় নেওয়া হয়। এ সময় অভিনেতার বাবা আল্লু অরবিন্দ এবং পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা টু’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন সেই নারী। এ ঘটনায় আহত হন আরও বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। তাকে দেখার জন্য ঘটনাস্থলে হুড়োহুড়ি পড়ে যায়। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হলেন অভিনেতা।

ইন্ডিয়া টুডে এক লাইভ প্রতিবেদনে জানায়, থানায় আল্লু অর্জুনের জবানবন্দি নেওয়ার পর মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। এই কেসে আল্লু অর্জুনের দেহরক্ষীকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

নিহতের স্বামীর দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অভিনেতা এবং থিয়েটার ম্যানেজমেন্ট প্রেক্ষাগৃহে ছবিটির স্ক্রিনিংয়ে অংশ নেওয়ার পরিকল্পনার কথা পুলিশকে জানায়নি। যদিও অর্জুনের অফিস এবং থিয়েটার কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। তদন্তে এখন দুটি প্রশ্নের উত্তর খোঁজা হবে। আল্লু অর্জুন কি প্রেক্ষাগৃহে উপস্থিত হওয়ার আগে পুলিশের অনুমতি নিয়েছিলেন বা তাকে থিয়েটারের বাইরে ভক্তদের সাথে কথা বলার অনুমতি দেওয়া হয় কিনা।