বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে ইউরোপ জোনের বাছাইপর্বের ড্র হয়েছে আজ। কিন্তু জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি দলগুলো জানে না তারা ঠিক কোন গ্রুপে খেলবে।
জার্মানি নেশন্স লিগের গ্রুপ পর্বে শীর্ষে থেকে শেষ করেছে এবং ২০২৫ সালের মার্চে কোয়ার্টার ফাইনালে ইতালির মুখোমুখি হবে। এই ম্যাচের ফল নির্ধারণ করবে, জার্মানি কোন গ্রুপে যাবে।
যদি জার্মানি ইতালিকে হারায়, তারা গ্রুপ এ-তে থাকবে, যেখানে তাদের সঙ্গী হবে স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড এবং লুক্সেমবার্গ। সেক্ষেত্রে তাদের বাছাইপর্ব শুরু হবে ২০২৫-এ সেপ্টেম্বরে। আর যদি তারা ইতালির কাছে হারে, তবে তারা গ্রুপ আই-তে থাকবে, যেখানে থাকবে নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া এবং মলদোভা। এই গ্রুপে থাকলে জার্মানির বাছাইপর্ব শুরু হবে মার্চে।
স্পেন-নেদারল্যান্ডস, ফ্রান্স-ক্রোয়েশিয়া, পর্তুগাল-ডেনমার্কদের ক্ষেত্রেও বিষয়টা একই। এবারই প্রথম নেশনস লিগের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিশ্বকাপের ইউরোপ জোনের বাছাইপর্বের গ্রুপিং ঠিক করা হলো।
২০২৬ বিশ্বকাপ হবে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে। ইউরোপ থেকে ১৬টি দল এই আসরে জায়গা পাবে, যেখানে ১২টি গ্রুপের বিজয়ী সরাসরি যোগ দেবে এবং রানার্সআপ দলগুলো প্লে-অফে খেলবে।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পূর্ণ গ্রুপ তালিকা:
গ্রুপ এ: জার্মানি বনাম ইতালি ম্যাচের বিজয়ী, স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ।
গ্রুপ বি: সুইজারল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া, কসোভো।
গ্রুপ সি: পর্তুগাল বনাম ডেনমার্ক ম্যাচের পরাজিত দল, গ্রিস, স্কটল্যান্ড, বেলারুশ।
গ্রুপ ডি: ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া ম্যাচের বিজয়ী, ইউক্রেন, আইসল্যান্ড, আজারবাইজান।
গ্রুপ ই: স্পেন বনাম নেদারল্যান্ডসের বিজয়ী দল, তুরস্ক, জর্জিয়া, বুলগেরিয়া।
গ্রুপ এফ: পর্তুগাল বনাম ডেনমার্কের বিজয়ী দল, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, আর্মেনিয়া।
গ্রুপ জি: স্পেন বনাম নেদারল্যান্ডসের পরাজিত দল, পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, মাল্টা।
গ্রুপ এইচ: অস্ট্রিয়া, রোমানিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, সাইপ্রাস, সান মারিনো।
গ্রুপ আই: জার্মানি বনাম ইতালি ম্যাচের পরাজিত দল, নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া, মলদোভা।
গ্রুপ জে: বেলজিয়াম, ওয়েলস, উত্তর মেসিডোনিয়া, কাজাখস্তান, লিখটেনস্টেইন।
গ্রুপ কে: ইংল্যান্ড, সার্বিয়া, আলবেনিয়া, লাটভিয়া, আন্দোরা।
গ্রুপ এল: ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার পরাজিত দল, চেক প্রজাতন্ত্র, মন্টেনেগ্রো, ফারো আইল্যান্ড, জিব্রাল্টার।