২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সের হৃদয় ভেঙে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই ফাইনাল আর্জেন্টিনার জন্য যতটা স্মরণীয়, ফরাসিদের জন্য ততটাই দুঃস্বপ্নের। তাই লুসাইল স্টেডিয়ামের সেই ফাইনালের কোনো স্মৃতি মনে রাখেননি ফরাসি স্ট্রাইকার মার্কাস থুরাম।
সেই ফাইনালে বদলি হিসেবে নেমে কিলিয়ান এমবাপ্পের গোলে অ্যাসিস্ট করেছিলেন থুরাম। সেই গোলেই ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। কিন্তু এসব স্মৃতি তিনি মনে রাখেননি। ‘সিবিএস স্পোর্টস’ চ্যানেলে এক আলোচনায় থুরাম বলেন, ‘আমার মনে ফাইনালের কোনো স্মৃতি নেই। শূন্য। আমি সবসময় ভালো স্মৃতিগুলো মনে রাখি। পাঁচ বছর বা তারও আগের ম্যাচের বিস্তারিত বলতে পারি। কিন্তু ওই ম্যাচ (কাতার বিশ্বকাপ ফাইনাল) একদম মনে নেই।’
ইন্টার মিলানে থুরাম সতীর্থ হিসেবে পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী স্ট্রাইকার লাউতারো মার্তিনেজকে। তারপরও তিনি ফাইনালের স্মৃতি ভুলে গেছেন। কারণ, ম্যাচটি তার উপর এতটা গভীর প্রভাব ফেলেছিল যে পুরো অনুভূতি যেন মুছে গেছে। তিনি আরও বলেন, ‘স্টেডিয়ামে ঢোকার সময় আমি সব আর্জেন্টাইন সমর্থকদের দেখতে পেয়েছিলাম। মনে হচ্ছিল, আমরা যেন আর্জেন্টিনায় খেলছি। এই সমর্থন তাদের (মেসিদের) সবচেয়ে কঠিন সময়েও শক্তি জুগিয়েছে।’
থুরাম একাই নন, ফ্রান্সের কলো মুয়ানিও ওই ম্যাচকে জীবনের একটি দগদগে ক্ষত হিসেবে মনে করেন। তার একের পর এক প্রচেষ্টা দিবু মার্তিনেজ যেভাবে ঠেকিয়ে দিয়েছিলেন, সেটা তিনি ভাবতে চান না। আক্ষেপ নিয়ে কলো মুয়ানি বলেছেন, ‘আমি সবসময় সেই খেলোয়াড় থাকব, যে বিশ্বকাপ ফাইনালে ওয়ান-টু-ওয়ান মিস করেছে! তবে এটা জীবনের অংশ। আমার ক্যারিয়ার শেষ হলেও মানুষ আমাকে সেই ব্যর্থতার কথা মনে করিয়ে দেবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আতহার আলী খান
চোখে কালশিটে, ভাঙা নাক, ফেটেছে ঠোঁট; কী হলো বেন স্টোকসের?