ইজতেমা একটাই হবে জানালেন মাওলানা রব্বানী

একসঙ্গে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সাদপন্থিদের প্রতি আহ্বান জানিয়েছেন  হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী। তিনি বলেন, ‘বাংলাদেশে ইজতেমা একটাই হবে। দ্বিতীয় কোনো ইজতেমা আমরা মেনে নেব না।’ গতকাল জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হেফাজতে ইসলামের নায়েবে আমির। ‘ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতা বাংলাদেশ’-এর ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ‘বাংলাদেশে ইজতেমা একটাই হবে। আমরা এখনো ভাইদের আহ্বান করব, আমরা একসঙ্গে  থেকেছি, খেয়েছি। আসুন একসঙ্গে ইজতেমা করি।’

তাবলিগ জামায়াতের ভারতীয় নেতা মাওলানা সাদসহ তার অনুসারীদের নিষিদ্ধ করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বক্তারা বলেন, ভারতীয় নাগরিক সাদ কোনো আলেম না। এমনকি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বর্তমান খতিব যিনি দেশের সর্বমহলের শ্রদ্ধেয় আলেম; সেই আব্দুল মালেকসহ দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয় তাবলিগ জামায়াতের শত বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করতেই সাদপন্থিরা কাজ করছে।