জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার তিনটি প্রধান ক্ষেত্র চিহ্নিত করেছেন ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তার একটি হলো তরুণদের ক্ষমতালোভী করে তোলা। তিনি বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তরুণদের ভুল পথে পরিচালিত করেছে। ক্ষমতার লোভটাই তাদের শিখিয়েছে। এর ফলে শৃঙ্খলাবোধ ও দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তোলার পরিবর্তে ক্ষমতার প্রতি এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম ‘সোয়াস অ্যান্টি-করাপশন এভিডেন্স’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক পল্লবী রায় এক-এগারো এবং জুলাই অভ্যুত্থান নিয়ে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।
হোসেন জিল্লুর বলেন, এক-এগারোর দুই দশক পর তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানে ২০২৪ সালে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন অবসানের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। দেড় বছর পর গত ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজন করে বিদায় নেয় এই সরকার। ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি। সাবেক এই উপদেষ্টার মতে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার তিনটি প্রধান দিক ছিল সরকার পরিচালনায় পুরনো আমলাতন্ত্রের ওপর নির্ভরতা, তরুণদের যথাযথ দিকনির্দেশনা দিতে না পারা এবং নিজেদের ঘোষিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে আন্তরিকতার অভাব।
