খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আকাশ (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মিয়াপাড়া বন্ধনের মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আকাশ নগরীর পূর্ব বানিয়াখামার চৌধুরী গলির মৃত হাফিজুল ইসলামের ছেলে।
এলাকাবাসী জানায়, আকাশ রাতে মিয়াপাড়া বন্ধনের মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৭-৮ জনের দুর্বৃত্তদল তাকে হত্যার উদ্দেশ্যে দুটি গুলি ছোড়ে। একটি গুলি তার কোমরে বিদ্ধ হয়।
গুলির শব্দ পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, আহত আকাশ ছাত্রলীগ নেতা রোহান হত্যা মামলার আসামি। তারা বিরুদ্ধে খুলনা থানায় একাধিক অভিযোগ রয়েছে। ২০০১ সালে আকাশের বাবা হাফিজুল ইসলামকে ক্যাসল সালাম হোটেলের নিচে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।