ফেনীতে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

ফেনীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও উন্নয়ন প্রকল্পে বাঁধা দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের এস্কেভেটরে পোড়ানোসহ সকল ধরনের নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের গুদাম বাজার এলাকার মুজিবিয়া আলিম মাদরাসার সামনে মানববন্ধনে ক্ষোভে ফুঁসে উঠে এলাকাবাসী। 

এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নির্দিষ্ট একটা গোষ্ঠী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। এলাকার ছোট খাটো প্রতিষ্ঠান থেকে সড়কে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে থাকে। চাঁদা না দেওয়ায় একটি স্কেভেটরে আগুন দেয় দুর্বৃত্তরা। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এরই প্রতিবাদে ইউনিয়নের ফাজিলপুর, বটতলতি, আরবিহাট সড়কের গুদাম বাজার এলাকার মুজিবিয়া মাদরাসার সামনে মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন আল আমিন মার্কেট মহিলা দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা ফজলুল হক, নূরানী মাদরাসা শিক্ষক হাফেজ মনির আহমদ, স্থানীয় আব্দুল মোতালেব রাফি, ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, আব্দুল হাই ও আতিকুল ইসলাম।

মাওলানা ফজলুল হক বলেন, ৫ আগস্ট এর পর একদল চাঁদাবাজিতে মেতে উঠেছে। তাদের থেকে কেউই রেহাই পাচ্ছে না। এখানে যে সড়কটি হচ্ছে তা আমাদের চলাচলের জন্য। কিন্তু তারা এখানেও এসে ঠিকাদারদের থেকে চাঁদা না পেয়ে এস্কেভেটরেে আগুন ধরিয়ে দেয়। আমরা বলতে চাই, এ নতুন বাংলাদেশে আর কোন চাঁদাবাজের ঠাই হবে না। যারা চাঁদাবাজি করতেছে তারা আওয়ামী লীগের দোসর। তাদের ঠিকানা ভারতে হবে, এ বাংলাদেশে না। 

আব্দুল মোতালেব রাফি বলেন,আমরা শুনতে পেয়েছি তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই দ্রুত যারা এই এস্কেভেটরেে আগুন দিয়েছে এবং যারা চাঁদাবাজিতে জড়িত তাদের দ্রুত বিচার করা হোক। আমরা প্রশাসনের কাছে এ আকুল আবেদন জানাই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর-বটতলী-আর বি হাট সড়কের গুদাম বাজার এলাকায় দাবিকৃত চাঁদা না পেয়ে রাতের আঁধারে ঠিকাদারের এস্কেভেটরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২৩ কোটি টাকার একটি উন্নয়ন কাজ পেয়েছিলেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নুর নবী ওরফে হাড্ডি নবী।