মাদারীপুরের শিবচরে চায়ের দোকানের পাওনা ৪০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মুজাফর মৃধা (৬০), মালেক মৃধা (৫০), হাবিব সরকার (৩৬), বেলায়েত সরকার (৩৫), বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুইদিন আগে শিবচর উপজেলার মুন্সি কাদিরপুর বাজারের চা দোকানি হাবিব সরকারের কাছ থেকে ৪০ টাকা বাকি নেন প্রতিবেশি মালেক মৃধা। শনিবার দুপুরে মালেক মৃধার কাছে পাওনা ৪০ টাকা চান চা দোকানি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মালেক। পরে হাবিব ও মালেকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে মালেক মৃধার লোকজন চা দোকানি ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন অন্তত ৭ জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন।