হিমাগার শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি ঘোষণা করেছে সরকার। নতুন কাঠামোয় এই খাতের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে মাসিক ১৪ হাজার টাকা।
সর্বশেষ ২০১২ সালের অক্টোবরে হিমাগার শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। তখন এ খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ছিল ৬ হাজার ৫০ টাকা। সে হিসেবে শ্রমিকদের মজুরি বেড়েছে অন্তত ৭ হাজার ৯৫০ টাকা। মজুরি বৃদ্ধির হার প্রায় ১৩১ শতাংশ। এ ছাড়া নতুন কাঠামোয় শ্রমিকদের মজুরির ক্ষেত্রে একটি গ্রেড বাড়ানো হয়েছে।
গত ২৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী কোল্ডস্টোরেজ শিল্প খাতের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, মোট চারটি গ্রেডে শ্রমিকদের জন্য মজুরি নির্ধারণ করা হয়েছে। সব গ্রেডের শ্রমিকদের চিকিৎসা ও যাতায়াত ভাতা সমান রাখা হয়েছে। তবে বাড়িভাড়া ভাতার ক্ষেত্রে পার্থক্য রয়েছে। শ্রমিক ও কর্মচারী উভয়েই মূল মজুরির ৫০ শতাংশ বাড়িভাড়া পাবেন।
কোল্ডস্টোরেজ শিল্পের মজুরি কাঠামোতে সর্বোচ্চ বা প্রথম গ্রেডে রয়েছেন ফোরম্যানরা। তাদের নিম্নতম মজুরি ধরা হয়েছে ২১ হাজার ৩৫০ টাকা। মজুরি কাঠামোতে দ্বিতীয় গ্রেডটি নতুন যোগ করা হয়েছে। এই গ্রেডে রয়েছেন হেড অপারেটর, চিফ অপারেটর এবং অপারেটর ইনচার্জ। তাদের জন্য নিম্নতম মজুরি ধরা হয়েছে ২০ হাজার ২৬৪ টাকা। তৃতীয় গ্রেডে রয়েছেন সুপারভাইজার, স্টোর কিপার, অপারেটর ও বৈদ্যুতিক মিস্ত্রি; যাদের নিম্নতম মজুরি ১৯ হাজার ৪০০ টাকা। আর চতুর্থ গ্রেডে থাকা সহকারী সুপারভাইজার, সহকারী স্টোরকিপার, সহকারী অপারেটর, ট্যাংকম্যান ও হেলপারদের জন্য নিম্নতম মজুরি ধরা হয়েছে ১৪ হাজার টাকা।