ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠানে গান-বাজানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২০ জন আহত হন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২৫টি বাড়িঘর। একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। গত শুক্র ও গতকাল শনিবার উপজেলার সাতগাছী গ্রামে এসব ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মাদ আলী, হাসেম আলী, কুরবান আলী,সাবদার হোসেন, করিম ম-ল, বিশার আলী, হেকমত আলী, সোরাব হোসেন, তাহাজ উদ্দীন, শরাফত আলী, জকির হোসেন, তফছের আলী ও নেকবার হোসেনের নাম জানা গেছে।
স্থানীয়রা জানান, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠানে গান বাজানোর পক্ষ-বিপক্ষের দুটি গ্রুপের মধ্যে গত শুক্রবার দুপুরে বাগবিত-া হয়। এর জেরে বিকেলে হাকিম মোল্লা ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ২০ জন আহত হন।
এর জেরে গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুপক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অন্তত ২৫টি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ওসি মাসুদ খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।