সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। গতকাল শনিবার সকালে দেশের বিভিন্ন স্থানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ ছাড়া দিনভর এ দিবস কেন্দ্র করে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শোক র্যালি, দোয়া, মোনাজাত ইত্যাদি। নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর :
খুলনা : দিবসটি উপলক্ষে গতকাল সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। সভায় বক্তৃতা দেন পুলিশ সুপার মোশাররফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান প্রমুখ। এ ছাড়া নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা : সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার শেষ পর্যায়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
গোপালগঞ্জ : সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মিজানুর রহমান। পরে মুক্তিযোদ্ধা, বিএনপি, উপজেলা প্রশাসন, জেলা উদীচীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া সন্ধ্যায় স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ¦ালন করা হয়।
টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। দিবসের কর্মসূচির মধ্যে আরও ছিল কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ইত্যাদি।
মুন্সীগঞ্জ : সকাল ৯টায় শহরের সরকারি হরগঙ্গা কলেজ-সংলগ্ন বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার ও সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার পুষ্পার্ঘ অর্পণ করেন। এ ছাড়া জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, সরকারি মহিলা কলেজ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
নারায়ণগঞ্জ : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মাহমুদুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান প্রমুখ। এ ছাড়া দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সব মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ মোনাজাত-প্রার্থনার আয়োজন করা হয়।
মাগুরা : সকালে জেলা শহরের নোমানী ময়দানে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদ, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির প্রমুখ।
বালিয়াকান্দি (রাজবাড়ী) : উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামে শহীদ হারুন অর রশিদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে স্মৃতিসৌধতে পুষ্পস্তবক অর্পণ করেন বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান, উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতারা। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ (গাজীপুর) : সকালে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ, কালীগঞ্জ থানার ওসি আলাউদ্দিনসহ এলাকাবাসী। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙ্গাবালী (পটুয়াখালী) : সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ইউএনও ইকবাল হাসান, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।