নোয়াখালীর চাটখিলে গরুবোঝাই ট্রাকচাপায় রাহুল নামের এক মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জিহারুল ইসলাম রাহুল (১৭) উপজেলার দক্ষিণ দশগরিয়া গ্রামের নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেলে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলেন। যাত্রা পথে মোটরসাইলেটি ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি গরুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ‘ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’