ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ওয়েস্ট ইন্ডিজ, যদিও তাদের সেই সোনালী সময় আর নেই। অন্যদিকে এই ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে দুর্বল। তারুণ নির্ভর উইন্ডিজ তাই ঘরের মাঠে এবার বাংলাদেশকে দাপট দেখিয়ে হারাতে চায়। তাদের আশা, সিরিজ ৩-০ করে বছরটা ভালোভাবে শেষ করা যাবে।
আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় সেন্ট ভিনসেন্টের রাজধানী কিংসটাউনে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচও হবে একই ভেন্যুতে। সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল বলেছেন, ‘মূল ব্যাপার হলো ভয়ডরহীন ক্রিকেট খেলা। যখন আমরা ভয়ডরহীন থাকব, কিছুটা স্মার্টনেসও মেশাতে হবে আমাদের। গত ১৫ মাস আমরা এটাই করেছি, যা ধরে রাখতে চাই।’
গত ১৫ মাসে টি-টোয়েন্টিতে দারুণ কিছু অর্জন আছে ক্যারিবিয়ানদের। গত বছরের অগাস্টে ভারতের বিপক্ষে সিরিজ জয়, গত ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে জয়, এই বছরে শুরুতে অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতেছেন পাওয়েলরা, পরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিল পাওয়েল বাহিনী। তবে সর্বশেষ দুই সিরিজে তারা শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কাছে হেরেছে।
এবার বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা নিয়ে বছরটা ভালোভাবে শেষ করতে চান পাওয়েল, ‘কোনো দল যখনই ঘরের মাঠে খেলে, সবসময়ই দাপট দেখাতে চায়। আমরা সেই চেষ্টাই করব। প্রয়োজন ভালো ক্রিকেট খেলা এবং লম্বা সময় ধরে ভালো খেলে যাওয়া। (বছরটি ভালোভাবে শেষ করা) খুবই গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেটে এই বছরটি আমাদের জন্য মিশ্র অভিজ্ঞতার। কিছু সিরিজ আমরা জিতেছি, কিছু হেরেছি। বাংলাদেশ সিরিজ আমাদেরকে সুযোগ করে দিচ্ছে বছরটি ভালোভাবে শেষ করার।’