শরীয়তপুরে দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতার স্ত্রী আটক

শরীয়তপুরের নড়িয়ায় দেশীয় অস্ত্রসহ এক যুবলীগ নেতার স্ত্রীকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নড়িয়া থানায় নেওয়া হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকায় এ ঘটনা ঘটে। আটক শাহনাজ বেগম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলী হোসেন মোল্লার স্ত্রী।

ভোজেশ্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন জানান, চান্দনী এলাকার আলী হোসেনের বাড়িতে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে—এমন সংবাদ পেয়ে দেখতে যায় পুলিশ। সেখানে দেখা যায়, এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দৌঁড়ে পালাচ্ছেন। পরে আলী হোসেনের বাড়িতে তল্লাশী করে বিভিন্ন ধরনের রামদা, ছুরিসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, বাড়ির মালিক আলী হোসেন মোল্লা পালিয়ে যাওয়ায় তার স্ত্রী শাহনাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাকে নড়িয়া থানায় নেওয়া হয়েছে।