জয়টা হাতের মুঠোতেই ছিল ম্যানটেস্টার সিটির কাছে। কিন্তু শেষের ১ মিনিট ৫৬ সেকেন্ডে সেটা যেন কেড়ে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৮৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি থেকে ও পরের মিনিটে আমাদ দিয়ালো গোল করে ম্যানচেস্টার ডার্বি জিতে নেয় ইউনাইটেড। ম্যাচ জয়ের পর দলটির কোচ রুবেন আমোরিম আত্মবিশ্বাসের সুরে জানালেন, এই জয় নাকি তাদের প্রাপ্যই ছিল।
ম্যানইউ কোচ আমোরিম দলের সাম্প্রতিক বড় জয়ের পর আত্মবিশ্বাসী এবং সন্তুষ্ট মন্তব্য করেছেন। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের এখনও অনেক কাজ বাকি, তবে এই জয় আমাদের সমর্থকদের জন্য বিশাল ব্যাপার।’
দলের পারফরম্যান্সের প্রশংসা করে আমোরিম বলেন, ‘যদি আমরা শেষ মুহূর্তে সেই দুটি গোল না করতাম, আমাদের কথোপকথন হয়তো অন্যরকম হতো, তবে পারফরম্যান্স একই থাকত। খেলোয়াড়রা পুরো ৯০ মিনিট জুড়ে দুর্দান্ত কাজ করেছে, যা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, আমরা এই জয় প্রাপ্য ছিলাম। এটা আমাদের জন্য একটি ভালো দিন।’
প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির আক্রমণভাগ সম্পর্কে তিনি উল্লেখ করেন, ‘আমরা হালান্ড এবং সিটির আক্রমণভাগের অন্য খেলোয়াড়দের ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছি। যখন আমরা প্রথম গোল করলাম, আপনি অনুভব করতে পারতেন যে দলটির মধ্যে আরও বেশি কিছু করার ইচ্ছা ছিল। এই জয় আমাদের অনেক প্রয়োজন ছিল। খেলোয়াড়দের অভিনন্দন।’
ম্যানইউর ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে কোচ রুবেন আমোরিম স্বীকার করেন, তাকে নিয়ে নতুন কিছু চেষ্টা করার সময় এসেছে। আমোরিম মনে করেন, রাশফোর্ডের প্রতিভা অনেক বেশি এবং তিনি তার সেরা ফর্ম বের করতে চান।
রাশফোর্ডের বিষয়ে আমোরিম বলেন, ‘এটি কোনও শৃঙ্খলাজনিত ইস্যু নয়, বরং ছোট ছোট বিষয়।’ রাশফোর্ড এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সব প্রতিযোগিতায় ২৪ ম্যাচে সাত গোল করেছেন।
কোচের ব্যাখ্যায় উঠে আসে, ‘এটা শৃঙ্খলা ভাঙার বিষয় হলে আমি তা বলতাম। জোনি ইভানস সব ঠিকঠাক করেও বাড়িতে রয়েছে। এটা শুধুই পারফরম্যান্সের ব্যাপার— প্রশিক্ষণ এবং কিছু বিষয়ের উন্নতির জন্য। আমরা দীর্ঘ সময় ধরে রাশফোর্ডকে নিয়ে একই কৌশল চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তা কাজে আসছে না। তাহলে কি চলতে থাকা কৌশল ধরে রাখব, নাকি কিছু নতুন চেষ্টা করব?’
তিনি আরও যোগ করেন, ‘যদি তারা (রাশফোর্ড এবং আলেজান্দ্রো গারনাচো) ভালোভাবে অনুশীলন করে, তাদের প্রতিভার পুরোটা কাজে লাগাতে পারলে আমরা অনেক ভালো খেলব। নতুন সপ্তাহ, নতুন জীবন।’
রাশফোর্ডের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও কোচের মন্তব্য ইঙ্গিত দেয়, তার উপর আস্থা এখনও অটুট। এখন দেখার বিষয়, আমোরিমের নতুন কৌশল রাশফোর্ডের ফর্ম পুনরুদ্ধারে কতটা কার্যকর হয়।