বুমরাকে ‘বাঁদর’ বলায় ক্ষমা চাইলেন ইশা গুহ 

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ইংল্যান্ডের ধারাভাষ্যকার ইশা গুহ। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে ধারাভাষ্য দেওয়ার সময় বুমরাকে ‘বাঁদর’ অর্থবাহী শব্দ ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েন তিনি। ব্যাপক সমালোচনার পর, তৃতীয় দিনের খেলা শুরুর আগে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন ইশা। 

ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে বুমরা ছিলেন একমাত্র ভারতীয় বোলার, যিনি অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে দৃঢ় প্রতিরোধ গড়েন। তার দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে আলোচনা করতে গিয়ে ইশা মন্তব্য করেন, ‘বুমরা তো এমভিপি— মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট।’

ইংরেজি ‘প্রাইমেট’ শব্দটি স্তন্যপায়ী প্রাণীর একটি শ্রেণি বোঝাতে ব্যবহৃত হয়, যার মধ্যে বাঁদরও পড়ে। ইশার এই মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয়। 

বর্ণবিদ্বেষী এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখান ক্রিকেটপ্রেমীরা। অনেকেই ২০০৮ সালের ‘মাঙ্কি গেট’ ঘটনার স্মৃতি ফিরিয়ে আনেন, যেখানে অ্যান্ড্রু সাইমন্ডস এবং হরভজন সিংয়ের মধ্যে বর্ণবিদ্বেষ নিয়ে বিতর্ক হয়েছিল। কিন্তু এবার এমন মন্তব্য আসায় বিতর্কের তীব্রতা আরও বেড়ে যায় কারণ এটি একজন ধারাভাষ্যকারের মুখ থেকে এসেছে। 

তৃতীয় দিনের খেলা শুরুর আগে ইশা গুহ সরাসরি ক্ষমা চেয়ে বলেন, ‘গতকাল ধারাভাষ্য দেওয়ার সময় আমি এমন একটি শব্দ ব্যবহার করেছি যার বিভিন্ন অর্থ রয়েছে। আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সবসময় অন্যদের সম্মান করি এবং কখনোই কাউকে আঘাত করতে চাই না। যদি কেউ আমার মন্তব্যটি সম্পূর্ণ শোনেন, তবে বুঝতে পারবেন আমি আসলে বুমরার প্রশংসা করছিলাম। তিনি ভারতের অন্যতম সেরা ক্রিকেটার এবং আমি তার ভক্ত।’ 

ইশা আরও বলেন, ‘আমি ভুল শব্দ চয়ন করেছি, যা দুঃখজনক। আমি নিজেও দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত। কোনও ভাবেই বৈষম্যের বার্তা দিতে চাইনি। আমার মন্তব্যের কারণে ম্যাচের গুরুত্ব যেন ব্যাহত না হয়।’

বিতর্কিত এই ঘটনায় ইশার সঙ্গে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। তিনি বুমরার পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘বিশ্বের সেরা বোলারদের কাছ থেকে এমন পারফরম্যান্সই প্রত্যাশিত। বুমরা প্রাক্তন অধিনায়ক এবং এই টেস্টেও দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে।’ 

উল্লেখ্য, বুমরা ব্রিসবেন টেস্টে তার দুর্দান্ত বোলিং দিয়ে দলকে প্রতিপক্ষের চাপে রেখেছিলেন। তবে ইশার এমন মন্তব্য ক্রিকেটপ্রেমীদের জন্য অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। ইশার ক্ষমা চাওয়ার পরও বিষয়টি নিয়ে আলোচনা থামেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত