সখীপুরে রোগী দেখতে গিয়ে সড়কে প্রাণ গেল ছেলের, আহত বাবা

টাঙ্গাইলের সখীপুরে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় নিহত রমজান আলীর বাবা রুস্তম আলীকে (৬৫) গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের সিংলাপাড়া থেকে  বাবা-ছেলে একত্রে মোটরসাইকেলে কালিহাতী যাওয়ার উদ্দেশ্যে সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। 

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায়, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।