বিজয় দিবসের ছুটি ও শীত আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় করেছে হাজার হাজার পর্যটক। আগত পর্যটকদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। আর নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
সরেজমিনে দেখা যায়, আজ সকালে পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটায় দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণে এসেছেন শত শত পর্যটক। সমুদ্রের পাড়ে এসে কেউ কেউ শীতের শান্ত সমুদ্রের ঢেউয়ের নোনাজলে গা ভেজাচ্ছেন। কেউ ওয়াটার বাইকে ঘুরে বেড়াচ্ছেন।
প্রিয়জনের সেই আনন্দঘন মুহূর্ত মোবাইল কিংবা ক্যামেরাবন্দি করছেন। অনেকে আবার বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। আবার ভ্রমণে আসা অনেক পর্যটক তিন নদীর মোহনা, লেম্বুর বন, চর গঙ্গামতী, শুটকি পল্লী, ঝাউবাগান, লাল কাঁকড়ার চর, চরবিজয়সহ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে শামুক ঝিনুকের রকমারি পণ্য, বার্মিজ আচার বাদামসহ শখের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।
ঢাকা থেকে আগত পর্যটক মনির জানান, শীতকালের সমুদ্র সৈকতের সৌন্দর্য অন্য রকম। এসময় প্রকৃতির ভিন্নরূপ দেখা মেলে।
চট্টগ্রাম থেকে আগত পর্যটক মনসুর মোল্লা বলেন, কুয়াকাটা প্রথমবার আসলাম। প্রত্যাশার চেয়ে বেশি সুন্দর এই এলাকা। গভীর সমুদ্রে ওয়াটার বাইক নিয়ে গেলে দেখার মজা অন্যরকম। সবার একবার এখানে আসা উচিত।
ঝিনুক ব্যবসায়ী মো. শাহিন বলেন, গত বছরের তুলনায় এবছর পর্যটক কম। যে সকল পর্যটক এসেছে, আগতদের সেবা দিতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আগত পর্যটকদের নিরাপত্তায় মাঠ পর্যায়ে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।