জেদ্দায় বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়। 

দিবসটির শুরুতে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কনসাল জেনারেলের নেতৃত্বে কনস্যুলেটর সকল কর্মকর্তা কর্মচারীরা কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করে মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত, আন্দোলনে আহতদের রোগ মুক্তি এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। পরবর্তীতে মহান বিজয় দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল তার বক্তব্য পেশ করেন। বক্তব্যের শুরুতে ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন, তিনি মহান মুক্তিযুদ্ধ ও বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক চালিকা  শক্তি হিসেবে প্রবাসীদের অপরিসীম ভূমিকার কথা তুলে ধরেন। বৈধ  পথে দেশে রেমিটেন্স প্রবাহ অব্যাহত রাখতে প্রবাসীদেরকে সংশ্লিষ্ট দেশের আইনকানুন সঠিকভাবে মেনে চলা ও বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য তিনি সৌদি প্রবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রী ও স্থানীয় বাংলাদেশী শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।