যুদ্ধের অর্থনীতিতে বৈশ্বিক অস্থিরতা

বৈশ্বিক অর্থনীতিতে করোনার পর যুদ্ধবিগ্রহ সামগ্রিকভাবে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণিকে আরও অনগ্রসর এবং জীবনযাত্রার মানকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। এদিকে এক শ্রেণির মুনাফাখোর ও প্রপঞ্চক আঙুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ নানাবিধ সংকটের মোকাবিলার পাশাপাশি চাপিয়ে দেওয়া যুদ্ধবিগ্রহের কারণে আতঙ্কিত হয়ে উঠছে। বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে পিছিয়ে পড়ার ফলে মানুষের মধ্যে যে অসহিষ্ণুতা তৈরি হচ্ছে এবং ঘুণেধরা সামগ্রিক বৈশ্বিক পটভূমিতে অনগ্রসরমানতায় মানবীয় মূল্যবোধের যে অবক্ষয় ঘটছে তা থেকে বিশ্ব বেরিয়ে আসতে পারছে না। অন্যদিকে বিশ্বের কিছু শক্তিশালী দেশ নিজেদের অভ্যন্তরীণ অর্থনীতিতে বিকলাঙ্গ হওয়াতে অন্য দেশের ওপর মোড়লিপনা করতে ছাড়ছে না। তারা ভাবছে তাদের দেশে যে পুঁজির ঘাটতি রয়েছে তা উন্নয়নশীল দেশ থেকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে অনৈতিকভাবে পূরণ করার।

বিশ্বব্যাংকের অর্থনীতিবিদরা যুদ্ধবিগ্রহের কারণে ভবিষ্যদ্বাণী করেছেন যে, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার প্রবৃত্তি ২০২৪-এ ১.৯ শতাংশ  হ্রাস পাবে, যা ২০২২ সালে ছিল ছয় শতাংশ যখন গালফ অঞ্চলের রাষ্ট্রসমূহ তেলের দাম বৃদ্ধির ফলে লাভবান হয়েছিল। আসলে যুদ্ধ নারী-পুরুষ ও শিশু সবার জন্যই মারাত্মক ক্ষতির কারণ হয়ে থাকে। ক্রমাগত যুদ্ধের ফলে বিশ্ব জুড়ে কর্মবাজার সংকুচিত হয়ে পড়ছে। মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিপরীতে দুর্নীতি ও কালোবাজারি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে, মানুষের জীবনধারণ ক্রমাগত কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ছে। উন্নয়নহীনতা এবং বণ্টনব্যবস্থায় অসাম্য সাধারণ মানুষকে একেবারে অন্ধকারের গহ্বরে ঠেলে দেয়। এর মধ্যে যুদ্ধ হলো সবচেয়ে খারাপ অবস্থা মানুষের জন্য। যুদ্ধে নিহত-আহত সবাইকেই মারাত্মক পরিণতি ভোগ করতে হয়। আর জীবিতরা যুদ্ধের ভোগান্তি বয়ে চলেন।

বিশ্বের শীর্ষ অর্থনীতিগুলো বড় ধরনের বাণিজ্য যুদ্ধে জড়িয়ে গেলে বৈশ্বিক জিডিপির বড় ধরনের সংকোচন হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অর্থনীতির এই সংকোচনের পরিমাণ ইউরোপের দুই বড় দেশ ফ্রান্স ও জার্মানির সম্মিলিত জিডিপির সমান হতে পারে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ইতিমধ্যে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যত পণ্য আমদানি করে, তার ওপর সর্বজনীন শুল্ক আরোপের পরিকল্পনা আছে। সর্বোচ্চ ২০ শতাংশ হারে এই শুল্ক আরোপ হতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প প্রচারণাকালে বলেছিলেন, শুল্ক হলো অভিধানের সবচেয়ে সুন্দর শব্দ। তার এই মন্তব্য বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এর আগেও তিনি এমন কাজ করেছেন। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ তিনিই শুরু করেছিলেন। বাইডেন প্রশাসনও তা অব্যাহত রেখেছে। আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ বলেন, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য পরিকল্পনার প্রভাব কী হবে, তা এখনো সুনির্দিষ্টভাবে মূল্যায়ন করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিচ্ছিন্নতা তৈরি হলে বা বড় পরিসরে শুল্ক আরোপ করা হলে বিশ্ব জিডিপি প্রায় ৭ শতাংশ সংকুচিত হতে পারে।

অর্থনীতিবিষয়ক সংবাদপত্র দ্য মার্কার এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলি সরকার কয়েক মাস আগে গঠিত নাগাল কমিশনকে প্রধান প্রধান অস্ত্র চুক্তির অনুমোদনে দ্রুত সিদ্ধান্তের সুবিধার্থে প্রতিরক্ষা বাজেট নিয়ে পরামর্শ দিতে অনুরোধ করেছে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক গবেষণা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইয়োসি কুপারওয়াসার দেশের সেনাবাহিনীর সামনে চ্যালেঞ্জের মাত্রা বোঝাতে গিয়ে বিষয়টি সামনে এসেছে। ইসরায়েলের হায়োম পত্রিকার একটি নিবন্ধে বলা হয়েছে, তেল আবিবের কৌশল ইরান অক্ষকে দুর্বল করা। এ সবই একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের ইঙ্গিতবহ, যেখানে ক্রমবর্ধমানভাবে সামরিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজন হবে। ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবগুলো ইঙ্গিত দেয়, লেবানন ও ইরানের সঙ্গেও যুদ্ধ বাড়ানোর খরচ হবে ব্যাপক, যা ২০২৪ ও ২০২৫ সালের জন্য ইসরায়েলের বর্ধিত সামরিক ব্যয়ে খানিকটা হলেও বোঝা যাচ্ছে। এ বছর বর্তমান ব্যয় ৩০ বিলিয়ন শেকেল বাড়বে। কেন্দ্রীয় ব্যাংকের বরাদ্দগুলো মধ্যপ্রাচ্য জুড়ে ইসরায়েলি যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং কমপক্ষে ২০২৫ সালের প্রথম তিন মাস পর্যন্ত চলবেএই ধারণার ভিত্তিতে তৈরি। এমনকি লেবানন ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আগেও ব্যাংক বুঝতে পেরেছিল, সব ধরনের কল্পনা ছাড়িয়ে যাচ্ছে দেশটির সামরিক ব্যয়। এই বছর ইসরায়েলের হালনাগাদকৃত সামরিক ব্যয়ের পরিমাণ ১৩০ বিলিয়ন শেকেল অর্থাৎ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।

এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ক্ষতিগ্রস্ত সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিপূরণ ১.৫ বিলিয়ন শেকেলে অর্থাৎ ৪০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয়, স্থানীয় কর থেকে রাজস্বের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি সামগ্রিক বাজেটে সামরিক ব্যয়ের চাপ কিছুটা কমিয়ে দিতে পারে। এখানে আসন্ন মার্কিন আর্থিক সহায়তার কোনোটাই হিসাব করা হয়নি। ইসরায়েল আঞ্চলিক উচ্চাকাক্সক্ষা নিয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধের ভিত্তিতে সামরিক কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনছে। দীর্ঘপাল্লার আঞ্চলিক যুদ্ধ অগ্রাধিকার দিয়ে স্থল ও নৌবাহিনী উভয়ের ওপরই তারা মনোযোগ দেবে। ইসরায়েলের উত্তর ফ্রন্টে মার্কিন সমর্থিত যুদ্ধটি তার আঞ্চলিক পরিকল্পনার একটি মাত্র অংশ। উদ্দেশ্য ইরানের তৈরি প্রতিরোধের অক্ষকে ভেঙে ফেলা এবং সম্মুখযুদ্ধের ঐক্য কৌশল দুর্বল করা। গাজায় যুদ্ধ দীর্ঘ সময়ের জন্য চলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। হয়তো ভূখণ্ডের উত্তর অংশে জাতিগত নির্মূল অভিযানের ভিত্তিতে স্থায়ীভাবে দখলের প্রচেষ্টা থাকবে। ইসরায়েলি অর্থনীতির শক্তি ও রিজার্ভ সম্পদ সত্ত্বেও তেল আবিব ক্রমবর্ধমানভাবে সামরিক, আর্থিক ও কূটনৈতিক বিষয়ে মার্কিন সমর্থনের ওপর নির্ভরশীল। এভাবে ইসরায়েলের যে কোনো আঞ্চলিক যুদ্ধ মূলত মার্কিন যুদ্ধ বলেই বিবেচিত হবে। কারণ, তেল আবিব ফিলিস্তিনি জনগোষ্ঠীর অধিকার অস্বীকার করে তাদের শেষ করে দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে। এমনিতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক অর্থনীতিতে ও বাণিজ্যের গ্লোবাল মেল্টডাউনে বিশ্বব্যাপী খরা চলছে।

সুযোগ বুঝে যারা উৎপাদনকারী ও সরবরাহকারী তারা সমগ্র বিশ্বে তাদের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। প্রাত্যহিক পর্যায়ে ব্যবহারযোগ্য পণ্য থেকে আরম্ভ করে জীবন রক্ষাকারী ওষুধ এমনকি উড়োজাহাজে পণ্যের পরিবহনের ক্ষেত্রেও উচ্চমূল্য কয়েকগুণ হারে বেড়ে চলেছে। আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিযোগিতামূলক পর্যায়ে দ্রব্যের দামের পদ্ধতি বিলুপ্ত করে বরং একচেটিয়ামূলক কালোবাজারি ও চোরাকারবারির মতো দ্রব্যের দাম ক্রেতাদের উদ্দেশে হাঁকানো হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বনাম প্যালেস্টাইনের যুদ্ধের কারণে এ অঞ্চল থেকে বৈশ্বিক তেল উৎপাদনের এক-তৃতীয়াংশের ক্ষেত্রে বাজার ব্যবস্থাপনায় ঝুঁকি সৃষ্টি হয়ে বিশ্ব জুড়েই তেল সরবরাহজনিত সমস্যা সৃষ্টি হচ্ছে। এর কারণে যারা পূর্বের তেলের দাম দিয়েছে এবং বর্তমানে যে তেলের দাম পরিশোধযোগ্য তার মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি হচ্ছে। ফলে এ ক্ষেত্রে আন্তর্জাতিক রেমিট্যান্স হ্রাস পাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে একের পর এক বৈশ্বিক শক্তিশালী রাষ্ট্রসমূহ জড়িয়ে পড়ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এখন ইসরায়েল-প্যালেস্টাইনের কারণে বৈশ্বিক আর্থিক বাজারে সংঘাত আরও বাড়বে এবং আঞ্চলিক রাষ্ট্রসমূহ তাদের আধিপত্য ছোট রাষ্ট্রসমূহের ওপর প্রভাব বিস্তার ঘটাতে থাকবে। ইরানও যদি যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে তবে বৈশ্বিক অর্থনীতিতে সংঘাতময় পরিবেশের কারণে তেলের দাম আরও বেড়ে যাবে এবং মূল্যস্ফীতির চাপ উন্নত উন্নয়নশীল এবং অনুন্নত দেশেও তা অনুভূত হবে। যদি যুদ্ধ দীর্ঘদিন চলে এবং আন্তর্জাতিক নেতারা যদি ন্যায্যতা ও সমতার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করে তবে আন্তর্জাতিক মুদ্রানীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। ঋণ গ্রহণের খরচ আন্তর্জাতিকভাবে আরও বেড়ে যাবে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের যেকোনো ধরনের অর্থায়ন করার ক্ষমতা কমে যাবে। এমনকি দ্রব্যের দাম উচ্চমূল্যস্ফীতি থেকে হাইপার মূল্যস্ফীতি হয়ে উঠবে।

সামনে সম্ভাব্য আরও ভয়াবহ যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিকভাবে শ্রম বাজারে যে অস্থিতিশীলতা সৃষ্টি হবে তার কারণে মধ্যপ্রাচ্যে কর্মরত বিদেশি শ্রমিকরা কর্মচ্যুত হয়ে দেশে ফেরত চলে আসবে। আবার বিভিন্ন রাষ্ট্রের রপ্তানির সক্ষমতাও হ্রাস পাবে। বিশ্বে এই মুহূর্তে সাধারণ জনমানুষ ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধের বিপক্ষে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও কতিপয় পশ্চিমা রাষ্ট্র ইসরায়েলের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে। অন্যদিকে চীন ও রাশিয়া যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছে। এর ফলে নতুন করে ভূ-রাজনৈতিক এবং আর্থ-রাজনৈতিক ক্ষেত্রে একটি নতুন অবস্থার সৃষ্টি হয়েছে; যা বিশ্বকে একটি দ্বিধাবিভক্ত আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থাপনার দিকে নিয়ে যাচ্ছে। যুদ্ধের ফলে আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, আবাসন, পয়ঃনিষ্কাশন, ভ্রমণ, দারিদ্র্য বৃদ্ধি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর ঘটে চলেছে। বৈশ্বিক এই যুদ্ধসমূহ পরিবার, সমাজব্যবস্থা, মানুষের মতাদর্শ, জীবনবোধ, সমাজবোধ আন্তর্জাতিকীকরণ ব্যবস্থাকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত করে তুলছে। এর ফলে মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ছে, মনোবিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, গণতন্ত্রায়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, মনুষ্যত্ব একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। যুদ্ধের জন্য শ্রমের মজুরির দাম এখন ক্রমাগতই কমে যাচ্ছে।

জীবনবোধ ও ধর্মীয় স্বাধীনতা নষ্ট হয়ে গিয়ে বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিকীকরণ যে কত ঠুনকো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যুদ্ধের ফলে শান্তিপ্রিয় মানুষের মধ্যে হয় অসহিষ্ণুতা দেখা দেয় অথবা মনোবিকারের সৃষ্টি হয়। যাইহোক, বিশ্বব্যাপী যে যুদ্ধ চলছে এবং চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং প্যালেস্টাইনের ওপর ইসরায়েলিদের যে বর্বর আঘাত চলছে বর্তমানে; তা এখনই বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বের অর্থনীতিতে কোনো সুবাতাস আসবে বলে মনে হচ্ছে না।

লেখক: গবেষক ও কলাম লেখক

raihan567@yahoo.com