ভারত মহাসাগরে অবস্থিত ফরাসি দ্বীপপুঞ্জ মায়োতেতে অতি শক্তিশালী সামুদ্রিক ঘূর্ণিঝড়ে নিহতের পরিমাণ প্রায় এক হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গতকাল সোমবার বিবিসি, রয়টার্স, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ড ও মাদাগাস্কারের মাঝামাঝি জায়গায় অবস্থান করা মায়োতে ফ্রান্স অধিকৃত কিছু দ্বীপের সমষ্টি। গত শনিবার এই দ্বীপপুঞ্জে ঘণ্টায় ২২৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড় চিডো। এতে পুরো দ্বীপপুঞ্জই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
মায়োতের প্রশাসক ফ্রাঁসোয়া-জাভিয়ে বিয়ুভিল স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ‘নিঃসন্দেহে কয়েকশ হবে, কয়েক হাজারও হতে পারে।’ চিডো চতুর্থ ক্যাটাগরির একটি ঘূর্ণিঝড়। প্রতি ১০০ বছরে একবার এমন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে একে শতবর্ষী ঘূর্ণিঝড়ও বলে। ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার অভিযানে ২৫০ কর্মী পাঠানোর ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি বলেছেন, এই দুঃসময়ে ফ্রান্স মায়োতের জনগণের পাশে থাকবে।
রয়টার্স জানিয়েছে, ঘূর্ণিঝড় চিডোতে কত মৃত্যু হয়েছে এমন প্রশ্নে কর্র্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা কঠিন। ঘূর্ণিঝড়ের পর দুর্গত অঞ্চলগুলোতে খাবার ও বিশুদ্ধ পানি পাঠানো এবং স্যানিটেশন ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, মৃত্যুর সংখ্যা নির্ধারণ জটিল হবে, কারণ মায়োতে একটি মুসলিম প্রধান অঞ্চল যেখানে মৃতদের ২৪ ঘণ্টার মধ্যে কবর দিয়ে দেওয়া হয়।
মায়োতের রাজধানী মামুদজৌয়ের বাসিন্দা মোহাম্মদ ইসমাঈল টেলিফোনে রয়টার্সকে বলেন, সত্যিকারভাবে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি তা অত্যন্ত শোচনীয়। আপনার মনে হবে যেন আপনি পারমাণবিক যুদ্ধের পরবর্তী পর্যায়ে আছেন। আমি একটা পুরো এলাকাকে নিশ্চিহ্ন হয়ে যেতে দেখেছি।
ফ্রান্সের পুলিশ ওপর থেকে তোলা ভিডিও ফুটেজ শেয়ার করেছে। তাতে দেখা গেছে, মায়োতে দ্বীপপুঞ্জের একটি দ্বীপের পাহাড়গুলো জুড়ে শত শত অস্থায়ী ঘরের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। নিকটবর্তী কমোরোস দ্বীপপুঞ্জ থেকে আসা অবৈধ অভিবাসীরা ওই পাহাড়গুলোতে এসব অস্থায়ী আবাস তৈরি করে সেখানে থাকছিল।
প্যারিস থেকে প্রায় আট হাজার কিলোমিটার দূরে মায়োতে ফ্রান্সের বাকি অংশ থেকে উল্লেখযোগ্যভাবে দরিদ্র। দ্বীপপুঞ্জটি কয়েক দশক ধরে অপরাধী দলগুলোর সহিংসতা ও সামাজিক অস্থিরতায় কাবু হয়ে আছে।