বগুড়ায় বাধার মুখে উদীচীর পরিবেশনা বাতিল

বগুড়ায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আপত্তির মুখে পূর্বনির্ধারিত পরিবেশনা উপস্থাপন করতে পারেনি উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল সোমবার শহরের সাতমাথার মুক্তমঞ্চে ‘দিন বদলের মঞ্চ’ নামে একটি সংগঠন দিনব্যাপী ওই বিজয় উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

‘দিন বদলের মঞ্চের’ সভাপতি সাজেদুর রহমান বলেন, দিনব্যাপী অনুষ্ঠানে বগুড়ার সপ্তস্বর, চর্চা সাংস্কৃতিক একাডেমি, ত্রিতাল, নৃত্যছন্দম, উদীচী এবং লালন শিল্পীদের পরিবেশনার কথা ছিল। সকাল ৯টায় অনুষ্ঠান উদ্বোধনের আগেই কিছু তরুণ অনুষ্ঠানমঞ্চে এসে ব্যানারে উদীচীর নাম থাকায় আপত্তি তুলে অনুষ্ঠানে বাধা দেন। পরে পুলিশ এসে তাদের পক্ষ নিয়ে উদীচী শিল্পীগোষ্ঠী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহানকে অতিথি হিসেবে মঞ্চে তোলা যাবে না বলেও জানায়। শেষ পর্যন্ত উদীচীর শিল্পীরা অনুষ্ঠান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি বাম দল যৌথভাবে দিনবদলের মঞ্চের ব্যানারে সাতমাথায় মুক্তমঞ্চে বিজয় উৎসবের আয়োজন করে। সেখানে উদীচীর একজন নেতাকে অতিথি করা নিয়ে আপত্তি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের আপত্তির কারণ, উদীচী সাবেক আওয়ামী ফ্যাসিবাদ সরকারের দালাল ছিল। তাদের কাউকে মঞ্চে উঠতে দেওয়া হবে না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবির পরিপ্রেক্ষিতে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়, উদীচীর ওই ব্যক্তিকে মঞ্চে তোলা যাবে না। আয়োজকরা সেই অনুযায়ী অনুষ্ঠান আয়োজন সম্পন্ন করেছে।’

তবে সন্ধ্যায় উদীচী বগুড়ার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে দিন বদলের মঞ্চ আয়োজিত বিজয় উৎসবের ব্যানারে উদীচীর নাম থাকায় বাধা প্রদানের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, উদীচী ফ্যাসিবাদকে পরাজিত করার সংগ্রামে লড়াই করেছে, নতুন ফ্যাসিবাদ সৃষ্টির জন্য লড়াই করেনি। বিজয় উৎসবে উদীচীর অংশগ্রহণে বাধা স্পষ্টত ফ্যাসিবাদী আচরণ। প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমানে কোনো কমিটি নেই। উদীচীর পরিবেশনায় বাধার বিষয়ে ছাত্র আন্দোলনের বগুড়ার সাবেক প্রধান সমন্বয়ক শাকিব খান বলেন, ‘দিন বদলের মঞ্চে বিজয় উৎসবে উদীচীর পরিবেশনায় আমরা কোনো বাধা দিইনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অন্য কেউ বাধা দিয়েছেন কি না, সেটা আমাদের জানা নেই। পুলিশ ফোন করে জানতে চেয়েছিল, উদীচীর পরিবেশনায় আপত্তি আছে কি না? আমরা জানিয়ে দিয়েছি, উদীচীর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, বিজয় উৎসবে তাদের পরিবেশনায় কোনো আপত্তিও নেই।’