শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তে আরও দুই মাস সময় দিল ট্রাইব্যুনাল

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় চেয়েছেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। ওই সময় মঞ্জুর করে আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সময় দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর এ সময় আবেদন করেন আইনজীবী। ট্রাইব্যুনাল দুই মাস সময় মঞ্জুর করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়ে জানতে চেয়েছেন ট্রাইব্যুনাল।

জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গত ১৮ নভেম্বর প্রথম শুনানি হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে ট্রাইব্যুনাল এক মাস সময় মঞ্জুর করে ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। আজ ফের দুই মাস সময় দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এদিকে জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধেও দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সকালে ট্রাইব্যুনালে তাদের হাজিরের পর শুনানি শেষে এই নির্দেশ দেওয়া হয়।