যে কোনো অনুষ্ঠানে কিংবা আলোচনায় কুসুম শিকদারকে একটি প্রশ্নের মুখোমুখি হতেই হয়। আর সেটি হচ্ছে, বিয়ে করছেন কবে! বরাবরই এই প্রশ্নে বিভিন্ন রকম উত্তর দিয়ে এসেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী উল্লেখ করেছেন, একা থাকলে নিজেকে ভালোবাসা যায়।
কুসুম শিকদারের কথায়, ‘আমাদের যে পেশা তাতে সব সময় খুব মানুষের মধ্যে থাকতে হয়। মাঝে আমাদের ব্রেক দরকার হয়। যেখানে একা থাকা যায় নিজেকে সময় দেওয়া যায়। নিজেকে ভালোবাসা যায়, নিজে কি চাই সেটা চিন্তা করা যায়।’
এরপর তিনি আরও বলেন, ‘আমার মনে হয় যে একা থাকলে কাজে অনেক বেশি মনোযাগ দেওয়া যায়। ভাবা যায় এবং সৃজনশীল কাজের জন্য একা থাকাটা অত্যান্ত জরুরি।’
এই প্রসঙ্গ শেষে শাড়ি নিয়ে কথা বলেন। জানালেন তিনি কখনও স্পনসরের কাপড় পরেন নি। সবসময় কিনে পরেছেন। কুসুম বললেন, ‘আমি সব সময় শাড়ি কিনে থাকি। কখনও স্পন্সর কাপড় পরিনি। আমার বয়স এখন তেতাল্লিশ তবুও হালকা মেকআপ আছে। এখন দেখি ১২-১৩ বছর বয়সে বিয়ে করার জন্য অনেকে পাগল হয়ে যায়।’
অভিনেত্রী হিসেবে অনেক আগে অভিষেক হলেও মাস কয়েক আগে পরিচালক হিসেবেও অভিষেক ঘটে কুসুম শিকদারের। ‘শরতের জবা’ সিনেমাতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেন তিনি।
‘গহীনে শব্দ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে কুসুমের। এরপর ‘লাল টিপ’ সিনেমাতে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন তিনি।