গানে ফিরলেন কুসুম শিকদার

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

বহুমুখী প্রতিভা কুসুম শিকদার। অভিনয়, নির্মাণ ও লেখালেখি—বিভিন্ন পরিচয়ে নিজেকে তুলে ধরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে অভিনয়ের পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে তার। মাঝখানে লম্বা বিরতির পর নতুন মৌলিক গান নিয়ে ফিরেছেন এই শিল্পী। গানটির নাম ‘প্রবল ঘোর’। এর কথা লিখেছেন কুসুম নিজেই। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী।  

কুসুমের কাছ থেকে জানা যায়, ২০২০ সালে করোনাকালে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল। তবে এত দিন পর মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে প্রকাশ করা হলো গানটি। ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে সর্বশেষ মৌলিক গান প্রকাশ করেন কুসুম। সেই হিসাবে ৯ বছর পর আবারও নিজের লেখা গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি। 

কুসুম বলেন, এখনো কোথাও গেলে ‘নেশা’র কথা বলে কেউ কেউ। সেই গানের প্রসঙ্গ টেনে নতুন গান করতে উৎসাহ দেন অনেকে। ভাবলাম একটা গান রেকর্ড করা আছে যেহেতু, সেটিই বের করি। করোনা পরিস্থিতির কারণে তখন আর এটি নিয়ে এগোনো হয়নি।  প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। এতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন শের শাহ রাসেল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার। 

এর আগে কুসুম শিকদারের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’-এর মিউজিক ভিডিওও নির্মাণ করেছিলেন নকুল সরকার। এবার ‘প্রবল ঘোর’-এর ভিডিও নির্মাণের মধ্য দিয়ে আবারও কুসুমের সঙ্গে কাজ করলেন তিনি। গানটি কুসুম শিকদারের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত