ভারতের ইনিংসের ৭৫তম ওভারটি করতে এলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তার দ্বিতীয় বলটি গালি অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন ব্যাটসম্যান আকাশ দীপ। সাথে সাথে উল্লাসে ফেটে পড়ল ভারতের ড্রেসিংরুম। বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীররা একে অন্যের সঙ্গে হাত মেলালেন। কিন্তু কেন এই আনন্দ? ভারত তো এখনো ব্রিসবেন টেস্ট জিততে পারেনি!
বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৪৪৫ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে ভারত চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। একটা সময় তারা ফলোঅন এড়াতে পারবে কিনা- সেই শঙ্কাও দেখা দেয়। ২১৩ রানে নেই ৯ উইকেট। শেষ ব্যাটার হিসেবে আছেন দুই পেসার আকাশদীপ এবং জসপ্রিত বুমরা। এই দুজনের ব্যাটেই ফলোঅন এড়ায় ভারত। আকাশদীপের ওই বাউন্ডারিতে আসলে ভারতের ইনিংস পরাজয় এড়ানো নিশ্চিত হয়েছিল।
ইনিংস পরাজয় যেকোনো দলের জন্যই লজ্জার ব্যাপার, ভারতের মতো শক্তিশালী দলের জন্য তো বটেই। তাই ফলোঅন এড়াতে পেরে অমন উল্লাস করেছিলেন কোহলি-গম্ভীররা। ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন শেষে ভারত ৯ উইকেটে ২৫২ রান তুলেছে। এখনো তারা পিছিয়ে ১৯৩ রানে। অবশ্য এই স্কোরবোর্ড এখন ভিন্ন কিছুই বলছে না। কারণ, নিশ্চিতভাবেই ব্রিসবেন টেস্ট ড্র হতে যাচ্ছে।
এই ম্যাচে ভারতের প্রথম ইনিংসে শুধু লোকেশ রাহুল ১৩৯ বলে ৮৪ রানের ইনিংস খেলেছেন। এছাড়া প্রথম পাঁচের বাকি চারজনের রান যথাক্রমে- জশ্বস্বী জয়সোয়াল (৪), শুবমান গিল (১), বিরাট কোহলি (৩) এবং রিশাভ পান্ত (৯)। অধিনায়ক রোহিত শর্মা করেন ১০ রান। মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজা ১২৩ বলে ৭৭ রানের ইনিংস উপহার দেন। দিনশেষে বুমরা ১০ এবং আকাশ দীপ ২৭ রানে অপরাজিত আছেন। প্যাট কামিন্স ৮০ রানে ৪টি এবং মিচেল স্টার্ক ৮৩ রানে ৩ উইকেট নিয়েছেন।