সড়ক প্রাণ গেল স্কুল শিক্ষকের

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সোহেল রানা (৩০) নামে একজন স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক শিক্ষক সোহেল রানা। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নিহত সোহেল রানা জোংড়া কাফির বাজার গ্রামের শিক্ষক আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলার বাঁশকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার সড়ক দুর্ঘটনায় শিক্ষক সোহেল রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পৌর শহরের মির্জারকোট এলাকার সোহেল রানা মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি  ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত সোহেল রানাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।