মেয়ের বিরুদ্ধে ৫০ কোটির মামলা ‘অনুপমা’ অভিনেত্রীর

বেশ কিছু দিন ধরেই খবরের শিরোনামে ওপার বাংলার টেলি-অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়। ‘অনুপমা’ ধারাবাহিক থেকে এক একে করে অনেক শিল্পী সরে গিয়েছেন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এরজন্য রূপালীকেই দায়ী করেছেন তারা। 

পাশাপাশি, রূপালীর ব্যক্তিগত জীবনও উথালপাথাল হয়েছে। মারাত্মক সব অভিযোগ করেছেন তার সৎ মেয়ে। সেই নিয়ে গত কয়েক দিন চুপ থাকলেও, এবার ক্ষতিপূরণ চেয়ে সৎ মেয়ের বিরুদ্ধে মানহানির মামলা করে, নোটিস পাঠালেন রূপালী।

রূপালির স্বামী অশ্বিন বর্মার আগের পক্ষের কন্যা, ২৬ বছর বয়সি এষা সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খোলেন। রূপালীর বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তিনি। 

এষার দাবি ছিল, ‘অনুপমা’ ধারাবাহিকে রূপালী যে চরিত্রে অভিনয় করেন নারীর অধিকার, নারীর মর্যাদা নিয়ে যে বড়াই করেন, বাস্তবে তার কিছুই মানেন না। বরং বাস্তবে অন্যের সংসার ভেঙে নিজে সুখী হয়েছেন। 

তার কথায়, তার মা-বাবার দাম্পত্যের মাঝে এসে দাঁড়ান রূপালী। তার মাকে মারধর করেন, গয়না চুরি করে নেন। মা-বাবার বিচ্ছেদের আগে, তাদের ঘরেও রূপালী শুতে শুরু করেন বলে দাবি করেন এষা। এমনকি রূপালী সম্পত্তির দলিলে রদবদল ঘটান, আগের পক্ষের সন্তানদের অশ্বিনের ধারেকাছেও ঘেঁষতে দেন না বলে অভিযোগ করেন।

সেটা নিয়েই এবার এষার বিরুদ্ধে মানহানির মামলা করলেন রূপালী। ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে নোটিস পাঠিয়েছেন সৎ মেয়েকে। 

রূপালীর আইনজীবী সানা রইস খান ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, অভিনেত্রীর নামে মিথ্যে অভিযোগ করেছেন তার সৎ মেয়ে। মানহানির মামলা করে প্রচারে থাকা রূপালীর লক্ষ্য নয়। কিন্তু ভাবমূর্তির কথা ভেবে আইনি পদক্ষেপ করতে হচ্ছে তাকে। 

সানা জানিয়েছে, এষা যে সব দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। রূপালীর ভাবমূর্তি নষ্ট করা, তার নাম ভাঙিয়ে প্রচারের আলোয় আসাই লক্ষ্য ছিল এষার। এষার এমন আচরণে শুধুমাত্র মানসিক ভাবেই ভেঙে পড়েননি রূপালী, ব্যক্তিগত স্তরে এবং পেশাগত জগতে সম্মানহানি হয়েছে।