প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ার ভাটার নদী চট্টগ্রামের হালদা নদী। সেই নদী থেকে বুধবার (১৮ ডিসেম্বর) একটি পঁচা গলিত ডলফিন উদ্ধার করা হয়েছে। নদীর আজিমারঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
হালদা বিশেষজ্ঞরা ধারণা করছে, কয়েকদিন পূর্বে ডলফিনটি মারা গেছে। তবে এটি পঁচে যাওয়ায় মৃত্যুর কারণ নির্ণয় করা সম্ভব হয়নি বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেন।
জানা যায়, গতকাল বুধবার সকালের দিকে হালদা নদীর আজিমারঘাট এলাকায় নদীতে ভাসা অবস্থায় স্থানীয়রা একটি মৃত ডলফিন দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ও হালদা বিশেষজ্ঞ অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়াকে জানানো হয়। তিনিসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থা থেকে ডলফিনটি উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায় ডলফিনটি পঁচে দুর্গন্ধ বের হচ্ছে। পরে মৎস্য বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে লোকজন পঁচা ডলফিনটিকে মাটি চাপা দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্চ ল্যাবরেটরির সমন্বয়ক, হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, হালদা নদী থেকে উদ্ধারকৃত এই মৃত ডলফিনটি ৪৩তম ডলফিন। মৃত ডলফিনটি বুধবার সকাল বেলা আজিমের ঘাট এলাকায় নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে ডলফিনটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এটির ওজন প্রায় ১৩ কেজি এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি।
উল্লেখ্য, এটি তরুণ বয়সের ডলফিন এবং ২০২৪ সালের মধ্যে চতুর্থ মৃত ডলফিন। উদ্ধারকৃত ডলফিনটি পঁচে যাওয়ায় রাউজান উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে মাটি চাপা দেওয়া হয়। তবে উদ্ধারকৃত ডলফিন পঁচে যাওয়ায় মৃত্যুর কারণ উদঘাটন করা যায়নি বলে তিনি উল্লেখ করেন।