মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যে রাস্তার পাশের খাবারের দোকানে ধূমপানমুক্ত এলাকায় সিগারেট সেবনের দায়ে জরিমানার মুখে পড়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। স্থানীয় সময় বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
এনডিটিভির খবরে বলা হয়, গত ১৫ ডিসেম্বর মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের রাস্তার পাশের খাবারের দোকানে সিগারেট সেবনের একটি ছবি প্রকাশ পায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, রাস্তার পাশে খাবারের দোকানে ধূমপান করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। সঙ্গে ছিলেন আরও কয়েকজন পরিচিত ব্যক্তি।
বিষয়টি নজরে আসার পর দেশটির স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমদ নিজেই ছবিটি পুনরায় তার এক্সে শেয়ার করার মাধ্যমে বিষয়টি সামনে আনেন। পোস্টে স্বাস্থ্যমন্ত্রী লেখেন, পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়কে এই বিষয়ে অবহিত করা হয়েছে। মন্ত্রী নিজেই অপরাধ স্বীকার করে জরিমানা দিতে প্রস্তুত বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
বুধবার (১৮ ডিসেম্বর) সংবাদমাধ্যমে দেয়া বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, এটি যদি জনমনে উদ্বেগ সৃষ্টি করে থাকে, তবে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। প্রয়োজনে আমি জরিমানা দেব। আশা করি জরিমানার অঙ্ক খুব বেশি হবে না।
মালয়েশিয়ায় ২০১৯ সালে সব খাবারের দোকান ও রেস্তোরাঁয় ধূমপান নিষিদ্ধ করা হয়। এ বছরের অক্টোবরে আইনটি আরও কঠোর করা হয়েছে। মালয়েশিয়ার আইন অনুযায়ী, নিষিদ্ধ এলাকায় ধূমপান করতে গিয়ে ধরা পড়লে ৫ হাজার রিঙ্গিত ( বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৩ হাজার ২২৯ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে।