ভিয়েতনামে একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। স্টাফের সঙ্গে তর্কের জেরে এক ব্যক্তি পেট্রোল ঢেলে সেখানে আগুন ধরিয়ে দেওয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানী হ্যানয়ে সংঘঠিত এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, সন্দেহভাজন ওই লোকটি স্টাফের সাথে তর্কের পরে তিনতলা ক্যাফের নিচতলায় পেট্রোল ব্যবহার করে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন। আগুন লাগার পর ওই ক্যাফে থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, ‘আগুনের লেলিহান শিখা ক্যাফে থেকে বের হওয়ার সব পথ বন্ধ করে দিয়েছিল। পেট্রোলের গন্ধ ছিল প্রবল। আরেকজন সেখানে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।