নতুন বাংলাদেশের স্বপ্নের স্বারথী আমাদের তরুণরা: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অনেক রক্তের বিনিময়ে ২৪-এর গণঅভ্যুত্থানের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের স্বারথী আমাদের তরুণরা।

আজ বৃহস্পতিবার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে জাতীয় সমাজসেবা একাডেমিতে দুই মাসব্যাপী ৫৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ একাডেমির অধ্যক্ষ মো. শাহী নেওয়াজ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান।

উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্যে বিমোচন, কল্যাণ, উন্নয়ন ও দরিদ্রদের স্বাবলম্বী করতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এখন শুধু বছরের পর বছর ভাতা দিয়েই যাবে না, দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় একই সঙ্গে দেশব্যাপী গ্রামীণ এবং শহরের উভয় এলাকায় সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর অংশ, বেকার, ভূমিহীন, অনাথ, দুস্থ ,ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক বুদ্ধিমত্তা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র অসহায় রোগী, ঝুঁকিপূর্ণ শিশুদের কল্যাণ ও উন্নয়নে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছে।

পরে তিনি প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।