সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশে এসেছি: ফারুক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০০ পিএম

১৯৭১ সালে বিজয়ের কয়েকদিন আগে সম্পদ লুণ্ঠনের জন্য ভারতের সৈনিকরা বাংলাদেশে প্রবেশ করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন,১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় বাংলাদেশের জনগণের। এ দেশের সাধারণ মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে বিজয় লাভ করেছে।

আজ বৃস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিব্রতকর বক্তব্যের প্রতিবাদে নাগরিক সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত বাংলাদেশে গণতন্ত্র চায় না। ভারত যদি গণতন্ত্র চাইত তাহলে ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা কখনও ক্ষমতায় আসতে পারত না। মমতা, প্রিয়াঙ্কা তাদেরও তলে তলে ব্যথা আপনারা কেন মোদিকে সমর্থন করেন? শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত পাঠান। যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এটা চান।

চট্টগ্রামের সার্কিট হাউজে শহীদ জিয়ার হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত মন্তব্য করে বিএনপি এই নেতা বলেন, আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, ড. ইউনূসকে আমরা এখনও বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগার জন্য ষড়যন্ত্র হচ্ছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ড. ইউনূসকে বলব আপনি জুলাই ২০২৫ না ২০২৬ নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। দেশের বিরুদ্ধে সকল  ষড়যন্ত্র প্রতিহত করতে হলে একটি নির্বাচিত সরকার গঠন করা জরুরি।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন লেবার পার্টির সভাপতি লায়ন ফারুক রহমান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বগুড়ার সাবেক এমপি নুর আফরোজ জ্যোতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত