মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় সাম্য দে (১৬) নামে এক কিশোর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে লাউয়াছড়া বনের লেভেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোর শ্রীমঙ্গল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের ক্লার্ক রিতা দে ও শহরের মাস্টারপাড়া এলাকার প্রবাসী সুব্রত দের ছেলে। তিনি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে রেললাইনে সেলফি তুলতে যায় সাম্য। এ সময় হঠাৎ করে আসা ট্রেনের একটি ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে তার। পরে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘খবর পেয়ে আমাদের লোক হাসপাতালে গিয়েছে। শুনেছি ছেলেটি লাউয়াছড়া বনে ট্রেনের সাথে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।’
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বলেন, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের ইঞ্জিন সিলেট রেলস্টেশনে বিকল হয়ে পড়ে। পরে আখাউড়া থেকে একটি ইঞ্জিন সিলেট যাওয়ার পথে লাউয়াছড়ায় কিশোরকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হওয়ার খবর পাই। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।