সাভার

চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে ইন্টার্ন চিকিৎসকদের ওপর অতর্কিত হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে হাসপাতালটির জরুরি বিভাগের সামনে এসব কর্মসূচি পালন করেন।

 ইন্টার্ন চিকিৎসক ডা. তন্ময়ের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে চিকিৎসকরা বলেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত অবস্থায় আমাদের সহকর্মী ইন্টার্ন চিকিৎসক ডা. মো. আব্দুল হান্নানের ওপর হামলা চালায় বহিরাগতরা। এ সময় প্রতিষ্ঠানটি থেকে সদ্য বহিষ্কৃত ডা. নাজিম উদ্দিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা তাকে মারধরসহ লাঞ্চিত করলেও তার কোনো সুষ্ঠ বিচার হয়নি। অবিলম্বে ডা. আব্দুল হান্নানের ওপর হামলাকারীদের বিচারের আওতায় আনা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এর আগে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে অর্ধশতাধিক চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. আব্দুল হান্নানের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে তার সহকর্মী ও শিক্ষার্থীরা। এ সময় অপ্রীতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের সামনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।