চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে একজোড়া ট্রেন

স্থায়ী ট্রেন পাচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীরা। সৈকত ও প্রবাল নামে (প্রস্তাবিত) চালু হতে যাওয়া নতুন ট্রেন দুটি চালু হলে চট্টগ্রামের যাত্রীদের জন্য কক্সবাজার যাতায়াত আরো সহজতর হবে। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল করছে।

নতুন ট্রেন দুটির চালুর জন্য অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাবনা আকারে পাঠানো হয়েছে জানিয়ে পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন,‘কক্সবাজার রুটে ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্থায়ী ট্রেন চলাচল করলেও চট্টগ্রাম-কক্সবাজার রুটে কোনো স্থায়ী ট্রেন নেই। আমরা একটি স্পেশাল ট্রেন (কক্সবাজার স্পেশাল) পরিচালনা করে আসছি দীর্ঘদিন ধরে। তাই বর্তমানে নতুন দুটি ট্রেন চালুর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এগুলোর নাম প্রস্তাবনা করা হয়েছে সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস। এই ট্রেন দুটি চালু চলে স্পেশাল ট্রেনটি আর চলাচল করবে না।

এ দিকে নতুন ট্রেনের অনুমোদন চেয়ে পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম গত ১১ ডিসেম্বর রেলওয়ে মহাপরিচালককে চিঠি দেন। চিঠিতে বলা হয়, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। এই ট্রেন স্থায়ীভাবে পরিচালনার জন্য স্থানীয় জনসাধারণের ব্যাপক অনুরোধ রয়েছে। তাই নতুন দুই জোড়া ট্রেন পরিচালনার প্রস্তাবনা করা হয়। প্রস্তাবনায় বলা হয় সৈকত এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে সকাল ১০টায় কক্সবাজারে পৌঁছাবে। আবার প্রবাল এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে এসে দুপুর ২টা ১৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে। একই ট্রেন আবার ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে কক্সবাজারে গিয়ে পৌঁছাবে। অপরদিকে সৈকত এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৭টায় কক্সবাজার থেকে ছেড়ে রাত ১১টা ৩০ মিনিটে চট্টগ্রামে এসে পৌঁছাবে। 

১০২ কিলোমিটার দীর্ঘ দোহাজারী-কক্সবাজার রেললাইন ২০২৩ সালের নভেম্বরে উদ্বোধনের পর প্রথম এই রুটে বাণিজ্যিক ট্রেন (কক্সবাজার এক্সপ্রেস) চলাচল শুরু হয় ২০২৩ এর ১ ডিসেম্বর। ব্যাপক চাহিদা থাকা সত্বেও ১৮ হাজার কোটি টাকার এই রেল লাইন দিয়ে চলাচল করতো কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস নামের মাত্র এক জোড়া যাত্রীবাহী ট্রেন। দুটি ট্রেনেই ঢাকা হয়ে কক্সবাজার চলাচল করায় দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকেই নতুন ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিল স্থানীয় যাত্রীরা। শেষ পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে দুটি ট্রেন চালুর প্রস্তাবনা পাঠিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।