ক্ষমতা নয়, দায়িত্ব নিতে চাই: নজরুল ইসলাম খান

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতা না, দায়িত্ব নিতে চাই। দায়িত্ব এ কারণে নিতে চাই যে, আমার যে ভাই খুন হয়েছে তার পরিবারকে সহযোগিতা করতে চাই। আমার যে ভাই গুম হয়েছে আমি তার মুক্তির চিন্তা করতে চাই। যাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা হয়েছে, যারা কষ্ট করেছে আমি এটার পরিবর্তন চাই। আমি চাই আমার দেশের যে কৃষক তাদের উৎপাদিত সামগ্রীর ন্যায্যমূল্য পায়নি, আমি তাদের ন্যায্যমূল্য দিতে চাই। আমরা শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি দিতে চাই। ভোক্তাদের ন্যায্য মূল্যে তার নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী দিতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আপনাদের যে হুকুম বেকারদের ভাতার ব্যবস্থা করতে হবে, আমরা চাকরি না হওয়া পর্যন্ত বেকারদের ভাতা দিতে চাই।  

জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ  উপজেলায় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মানুষ গণতন্ত্র চায়, যেটা পেয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। সস্তির জীবন চায়, যেমনটা পেয়েছিল জিয়াউর ও খালেদা জিয়ার আমলে। তারা উন্নয়নের দিকে এগোতে চায়, যেটা শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে। আমরা কখনো ভুলে যাবো না, আমাদের যারা শহীদ হয়েছে, গুম হয়েছে যারা, তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের দায়িত্ব আছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম খান। 

এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এসএম আব্দুল হালিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, আব্দুল ওয়াহাব আকন্দ, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, বিএনপির নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি, জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু, উপজেলা বিনপির সদস্য ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন প্রমুখ।

এ সময় জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত