সেই লুসাইলে এমবাপ্পের হাতে ট্রফি

দুই বছর আগে ১৮ ডিসেম্বর রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তারপরও শিরোপা জিততে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। কান্নায় ছেড়েছিলেন মাঠ। তবে দুই বছর পর একই দিনে লুসাইলে ফিরে এবার শিরোপা জিতলেন এমবাপ্পে। তার এক গোল ও অ্যাসিস্টে ৩-০ ব্যবধানে মেক্সিকান ক্লাব পাচুয়াকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ।

লুসাইলে হারের দুঃখ আছে অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের মনেও। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে এই মাঠেই যে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল ক্রোয়েশিয়া। এবার রিয়ালের হয়ে শিরোপা জয়ের পর প্রথমে ট্রফি হাতে নেন মদ্রিচ। পরে তিনি তা তুলে দেন এমবাপ্পের হাতে।

২০২৩-২৪ উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদ শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকায় ২০২৪ কনকাকাফ চ্যাম্পিয়ন পাচুকার সঙ্গে ম্যাচটি একপেশে হতে পারে এমনটি ভেবেছিলেন অনেকে। হলোও তাই। ম্যাচের ৩৭ মিনিটে গোলের শুরুটা করেন এমবাপ্পে। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো।  ৮৪ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ভিনি। লুকাস ভাসকেসকে পাচুকার ওসামা ইদ্রিসি ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।

এই শিরোপার মধ্য দিয়ে রিয়ালের ১২২ বছরের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হয়ে গেলেন আনচেলত্তি। রিয়াল কোচ হিসেবে আন্তঃমহাদেশীয় কাপ তার জেতা ১৫তম শিরোপা। সমান ১৪ ট্রফি জিতে আনচেলত্তি এত দিন রিয়ালের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজের সঙ্গে ছিলেন। আনচেলত্তি ম্যাচ শেষে বলেন, ‘অনেক শিরোপা! খুব ভালো লাগছে। আমি খুব আনন্দিত। এটা সাফল্য।’