জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে আগামীকাল ২১ ডিসেম্বর আয়োজিত ‘স্পিরিট অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ আয়োজিত ‘ইকোস অব রেভলিউশন কনসার্ট’ অনুষ্ঠিত হবে। কনসার্টের বিক্রীত টিকিট থেকে সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক (টিকিট ও ভেন্যু) অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ছাড়া কনসার্টের বিক্রীত টিকিট থেকে আয়োজক সংস্থা ও গায়ক রাহাত ফাতেহ আলী খান এবং তার দল কোনো পারিশ্রমিক নেবেন না বলে জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এনবিআরের প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে “স্পিরিটস অব জুলাই” এবং “স্কাইট্র্যাকার লিমিটেড” কর্তৃক আয়োজিত “একোস অব রেভলিউশন” কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হলো। কনসার্টটি আয়োজনে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, রাহাত ফাতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছেন। এই আয়োজনে বিক্রীত টিকিটের সব অর্থ জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে। এটি একটি অলাভজনক আয়োজন। সেহেতু, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬-এর উপধারা (৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআর কনসার্টটি আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক শর্ত পরিপালন সাপেক্ষে অব্যাহতি প্রদান করল।’
শর্তের মধ্যে রয়েছে মূসক আইনের ধারা ৯২ অনুযায়ী সংশ্লিষ্ট কমিশনার এই আদেশের মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্কমুক্তভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করবেন; কনসার্টটি মূসক ও প্রযোজ্য সম্পূরক শুল্কমুক্তভাবে প্রদর্শনের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অভিযোগ আপত্তি উত্থাপিত হলে সে ক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধযোগ্য হবে।
অন্যদিকে, ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ আয়োজনকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওইদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। যানজট এড়াতে এ সময় টোল ছাড়াই বিমানবন্দর, কুড়িল এবং বনানী র্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকবে। ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।