রাজধানীর বাড্ডা আফতাবনগর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে সুবর্না আক্তার মিম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে স্বজনরা মিমকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মিম শরিয়তপুর জেলার নওডোবা থানার হাজি অসিম উদ্দিন মাতবর কান্দি গ্রামের সোহরাব খানের মেয়ে। বর্তমানে তিনি আফতাবনগর ৩ নম্বর রোডের একটি বাসায় ভাড়া থাকেন।
মিমের বোন তাহমিনা আক্তার জানান, গত দুই বছর আগে মিমের সঙ্গে শেখ সোহেলের বিয়ে হয়। তবে দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। তাদের ঘরে সাত মাসের ছেলেসন্তান রয়েছে। সোহেল তার প্রথম স্ত্রীকে নিয়ে মোহাম্মদপুর এলাকায় বসবাস করেন। সেখানে হাসপাতালের সরঞ্জাম ব্যবসা করেন। মিমের সঙ্গে পরিচয় হওয়ার পর সোহেল বলেছিল তার আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। পরে সোহেল মিমকে বিয়ে করেন। কিন্তু সোহেল ও তার প্রথম স্ত্রীর বিচ্ছেদ হয়নি তা বিয়ের পর জানতে পারেন মিম। এই কারণে মিম আফতাবনগর আমাদের কাছেই থাকতেন। তার স্বামী সোহেল আমাদের বাসায় যাতায়াত করতেন। আগের ঘরের স্ত্রীকে ডিভোর্স দিয়ে মিমকে নিয়ে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সোহেল। এসব বিষয় নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া হতো।
তিনি আর জানান, গত রাতে মিমকে নিয়ে সোহেল বনানীর একটি ক্লাবে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। ভোরে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি, মিম আফতাবনগর নাগরিক হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে মিমের অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলে মারা যান। মিমের স্বামী তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে গেছেন।