নাব্য সংকটে আটকা ১২ জাহাজ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক ঘাট এলাকার পদ্মা নদীতে গত দেড় মাস ধরে নিয়মিত আটকা পড়ছে পণ্যবাহী জাহাজ। প্রতিদিন এ পয়েন্টে পণ্যবাহী জাহাজ আটকা পড়ছে। বর্তমানে এখানে ১২টি জাহাজ আটকা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডুবোচর ও নাব্য সংকটের কারণে জাহাজগুলো আটকা পড়ছে। জাহাজে থাকা পণ্য নামিয়ে বাল্কহেডের মাধ্যমে পরিবহন করে জাহাজগুলো উদ্ধারের কাজ চলছে।

স্থানীয় কয়েকজন ও জাহাজের শ্রমিকরা জানান, উপজেলার পদ্মা নদী দিয়ে মাওয়া-নগরবাড়ী-বাঘাবাড়ী নৌপথে নিয়মিত পণ্যবাহী জাহাজ চলাচল করে। বর্তমানে এই রুটের বিভিন্ন পয়েন্টে ডুবোচরের পাশাপাশি নাব্য সংকট দেখা দিয়েছে। এতে করে আটকা পড়েছে সার, কয়লা, পাথর, সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকারসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজ।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, আন্ধারমানিক ঘাট এলাকায় এমভি মাস্টার হারুননেছা, এমভি দেশবন্ধু, এমভি আল মুতাকাব্বীরসহ পণ্যবাহী অন্তত ১২টি জাহাজ আটকা পড়ে আছে। জাহাজগুলো উদ্ধারে জাহাজে থাকা পণ্য বাল্কহেডে করে গন্তব্যে পরিবহন করা হচ্ছে। শতাধিক শ্রমিক জাহাজ থেকে পণ্য নামিয়ে বাল্কহেডে বোঝাই করছেন।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এমভি এস টি এস-৪-এর সুকানি আমিনুল ইসলাম বলেন, ‘আমরা পাবনার নগরবাড়িতে সার নিয়ে যাব। কিন্তু নদীতে পানি কম থাকায় আন্ধারমানিক ঘাটে চার দিন যাবৎ আটকা আছি। আসলে এই সময়ে সার কৃষকের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এখন ছোট ছোট বাল্কহেডে সার লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। এতে লোড-আনলোডে অনেক সময় অপচয় হচ্ছে।’

পাবনা থেকে আসা শ্রমিক সর্দার আব্দুর রশিদ বলেন, ‘আমি ৮-৯ দিন ধরে এসেছি। জাহাজগুলো থেকে মালামাল গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য লেবার দিয়ে বাল্কহেডে লোড করা হচ্ছে। পণ্য কমালে জাহাজগুলো ভেসে উঠবে। তখন জাহাজগুলো যেতে পারবে।’

আন্ধারমানিক ঘাটের ট্র্রলারচালক হাশেম বলেন, ‘প্রতি বছর এই সময়ে এ এলাকায় অনেক ডুবোচর জেগে ওঠে। ফলে নৌযান চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়। অনেক জাহাজ দিনের পর দিন আটকে থাকে। শুধু তাই নয়, আন্ধারমানিক ঘাট থেকে চরাঞ্চলের হরিণাঘাটে ট্রলারে যাতায়াতেও আমাদের অনেক সমস্যা হচ্ছে।’

এমভি দেশবন্ধু জাহাজের সুকানি আবু তাহের বলেন, ‘জাহাজের মাল বাল্কহেডে করে নেওয়া হচ্ছে। এরপর অনেক জাহাজ চলে যাচ্ছে। এখানে স্থানীয় এক লোক আমাদের কাছে ২০০ টাকা করে চাঁদা দাবি করেছে। তাকে আমি চিনি না। টাকাও দিইনি।’

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, প্রতিটি বাল্কহেড থেকে দৈনিক ২০০ টাকা করে চাঁদা আদায় করছেন স্থানীয় শফিক ও আজম দেওয়ান নামের দুই ব্যক্তি। আজম দেওয়ান সাবেক উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে আজম দেওয়ান ও শফিক চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন।

এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি মোহাম্মদ মুমিন খান বলেন, ‘আমাদের কাছে কেউ চাঁদাবাজির অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা অঞ্চলের ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী হাসান আহমেদ বলেন, নাব্য সংকটের কারণে জাহাজগুলো আটকা পড়েছে। আগামী সপ্তাহের মধ্যেই জাহাজগুলোর চলাচল স্বাভাবিক করতে সেখানে ড্রেজিংয়ের কাজ শুরু হবে।