‘লাল সিংহ চড্ডা’ ছবির শুটিং করছিলেন কারিনা কাপুর খান। তখন করোনা মহামারী ও জাকিয়ে বসেছে। সেই সময়েই দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এই সুখবর সহ-অভিনেতা আমির খানের সঙ্গে শেয়ার করতে ভয় পান কারিনা। বুঝতে পারছিলেন না, অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে কী প্রতিক্রিয়া দেবেন আমির।
করোনার জন্য ছবির কাজ এমনিতেই বেশ কিছুটা পিছিয়ে গিয়েছিল। তাই কারিনা বুঝে উঠতে পারছিলেন না, সেই সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়ে কী বলবেন। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘করোনা মহামারীর সময়ে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। আমি চিন্তায় পড়ে যাই। আমাদের ছবির কাজ চলছে। করোনার জন্য ৫০ শতাংশ কাজ হয়েছে। আর এর মধ্যে আমিরকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাব কী ভাবে!’ কারিনাকে ভয় পেতে দেখে পরামর্শ দিয়েছিলেন সাইফ।
সাইফ তখন কারিনাকে বলেন, ‘আমিরকে তোমার বলা উচিত। বোঝানো উচিত করোনা অতিমারির জন্য আমরা সকলে বাড়িতে আটকে। আমরা জানিও না, কবে সব স্বাভাবিক হবে। এটা তো তোমার কোনও ভুল নয়। এমন হতেই পারে। দেড় বছর ধরে আমরা বাড়িতে রয়েছি। ভয় পেয়ো না। ফোনটা করে আমিরকে বলো।’
অবশেষে সাহস সঞ্চার করে কারিনা ফোন করেন আমিরকে। তখন কারিনা বলেন, ‘দেখো আমির, তুমি যদি আমার জায়গায় অন্য কাউকে নিতে চাও, নিতে পারো। আমি তো একজন মা। আমি দ্বিতীয় সন্তান চাই। আমার কি ক্ষমাপ্রার্থী হওয়া উচিত? আমি সত্যিই জানি না।’ এ সব শুনে আমিরের প্রতিক্রিয়া নাকি চমকে দেওয়ার মতো ছিল।
আমির বলেন, ‘আমি খুবই খুশি তোমার খবরটা শুনে। আর এই কাজটা আমরাই একসঙ্গে করব। যত দিন লাগবে, লাগুক। আমি তোমার জন্য অপেক্ষা করব। কাজটা একসঙ্গেই হবে।’ উল্লেখ্য, ২০২১ সালে ২১ ফেব্রুয়ারি কনিষ্ঠ পুত্র জেহ্ আলি খান আসে সইফ-করিনার জীবনে।