নীতেশ তিওয়ারির ‘রামায়ন’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। আর তাতেই আপত্তি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ অভিনেতা মুকেশ খান্নার; সেই আপত্তির তেজ প্রকাশ করলেন রণবীরকে তুচ্ছতাচ্ছিল্য করে। যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বিতর্ক।
টেলি সিরিজ ‘শক্তিমান’ থেকে ব্যাপক পরিচিত পান মুকেশ খান্না। মুকেশ মনে করেন, অ্যানিম্যাল ছবি করার পর রণবীর রামের চরিত্রে অভিনয় করলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে। রণবীরকে বিঁধে মুকেশ বলেন, ‘আমি এটাই বলব, রামের চরিত্রে এমন কেউ অভিনয় করুক যাকে দেখলে অন্তত রামের মুখটা ভেসে ওঠে; রাবণের মতো দেখতে যেন না হয় সে। বাস্তবজীবনে লম্পট, ছ্যাঁচড়া হলে পর্দাতেও সেটাই উঠে আসবে। রামের চরিত্রে অভিনয় করতে হলে পার্টি করা, মদ খাওয়া সব বন্ধ করতে হবে। নির্মাতাদের কাস্টিংয়ের বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।’
