বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল ঐশ্বরিয়া রাই ও অভিষেকের বচ্চনের বিচ্ছেদ নিয়ে। সব জল্পনার অবসান ঘটিয়ে ঐশ্বরিয়া রাই এবং অভিষেক বচ্চনকে এ বার দেখা গেল একেবারে অন্যরূপে। সম্প্রতি মেয়ের স্কুলের অনুষ্ঠানে দেখা মিলল এ তারকা দম্পতিকে। এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ঐশ্বরিয়াকে শ্বশুর অমিতাভ বচ্চন এবং স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে দেখা গিয়েছে। যা দেখে ভক্তদের মনে নতুন করে জেগেছে বেশ কিছু প্রশ্ন।
এদিনের অনুষ্ঠানে এ তারকা দম্পতিকে দেখা গিয়েছে হাসিমুখে সকলের সঙ্গে কথা বলতে। অভিষেক, ঐশ্বরিয়া এবং অমিতাভ বচ্চন তিনজনেই ছিলেন বেশ গল্পের মুডে। ভিডিওতে ঐশ্বরিয়াকে অভিষেকের সঙ্গে হাত ধরে হাটতেও দেখা যায়। অমিতাভ বচ্চনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানস্থলে ঢুকে প্রথমে অমিতাভ, ঐশ্বরিয়া এবং অভিষেক এক মহিলার সঙ্গে দেখা করেন। তারপর তারা স্কুলের ভিতরে প্রবেশ করেন। শুধু তাই নয়, ঐশ্বরিয়ার লুটিয়ে পড়া ওড়না সামলাতেও দেখা গেল অভিষেককে।
বহুদিন ধরেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন চলছিল চারিদিকে। এমনকী তাদের বিবাহিত জীবনের নানা অশান্তির কথাও কারও অজানা নয়। সম্প্রতি, অমিতাভ বচ্চন তার ব্লগে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন, যে আলোচনা চলছে তা শুধুই গুজব।
তবে এসবের মধ্যেও কিছু দৃশ্য চোখে পড়েছে নেটিজেনদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন, দু’জনেই আলাদা গাড়িতে এসেছেন। আবার কারো মতে, ঐশ্বরিয়ার নিশ্চয়ই অস্বস্তি হচ্ছে। তবে তিনি আরাধ্যার জন্য বিষয়টাকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন। তবে ডিভোর্স যে শুধুই রটনা, এ কথাও মনে করছেন নেটিজেনরা।