ব্যাংকে ডাকাতির চেষ্টা: তিন আসামির রিমান্ড চাইবে পুলিশ

রাজধানীর কেরানীগঞ্জের জিনজিরা শাখার রূপালি ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় আটক তিন ডাকাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এই মামলায় আটক তিন ডাকাতকে আসামি করা হয়েছে। তিন আসামিকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার দ্বিতীয় তলায় প্রবেশ করে। ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। এরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটি ঘিরে ফেলেন। পরে তিন ডাকাত আত্মসমর্পণ করে।