বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চায় বাফুফে

বাংলাদেশ ফুটবলে নতুন গতি আনতে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ওপর জোর দিচ্ছে বাফুফে। সম্প্রতি ফেডারেশনে একটি ডেডিকেটেড মার্কেটিং কমিটি গঠন করা হয়েছে, যার কাজ হবে ফুটবলের ব্র্যান্ড ভ্যালু উন্নত করা এবং ফ্যানবেস শক্তিশালী করা।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এইসব কথা বলেন।

তাবিথ বলেন, ‘ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারী ফুটবলের জন্যও আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। অনেক প্রতিষ্ঠান বড় অঙ্কের অর্থ নিয়ে এগিয়ে আসতে আগ্রহী। সময়মতো তাদের সঙ্গে চুক্তি বিষয়ে জানানো হবে।’

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে স্ট্র্যাটেজিক পরিকল্পনা গ্রহণ করছে ফেডারেশন। এর মধ্যে রয়েছে খেলোয়াড় উন্নয়ন, ইনফ্রাস্ট্রাকচার শক্তিশালীকরণ এবং মিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরিকল্পনা।

বাংলাদেশ জাতীয় দলের পারফরম্যান্সকে আরও উন্নত করতে সাফল্যের ধারাবাহিকতায় জোর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি বলেছেন, ‘আমরা এখন আর কম গোল খাওয়ার হিসাব করছি না। আমরা এখন জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামি। আমাদের জয়ের ক্ষুধা বাড়াতে হবে।’

তাবিথ মনে করেন, জয়ী খেলোয়াড়রা দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। দর্শকদের মাঠে আসতে উৎসাহিত করে। তিনি বলেন, ‘ফুটবল যেন ভক্তদের জীবনের অংশ হয়ে উঠতে পারে। এটাই আমাদের চাওয়া।’