গিটার বাজাতে বাজাতে গিটারিস্টের মৃত্যু

রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে মারা যান তিনি। 

পিকলুর বন্ধু সিপাত আলতামুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিকলু। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পিকলু। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশির দশকের মাঝামাঝি থেকে তিনি হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন।

অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের অদ্ভূত সেই ছেলে, সূর্য,  রাতের ট্রেন, গুটি ফ্রম হেল, নির্বোধসহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।