দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চিরিরবন্দর উপজেলার মশালপুর গ্রামের স্কুলশিক্ষক কৌশিক রায়ের ছেলে মাধব রায় (৩০) এবং একই উপজেলার নানীয়াটিকর এলাকার বাসিন্দা দীপু রায় (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চিরিরবন্দর থেকে পাঁচটি মোটরসাইকেলে ১০ বন্ধু ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুরবাগান এলাকায় রাতে খেজুরের রস খেতে গিয়েছিলেন। সকালে মোটরসাইকেলে একসঙ্গে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওগামী একটি ট্রাকের সঙ্গে ওই বহরের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালকের আসনে থাকা মাধব রায়। স্থানীয় লোকজন ওই মোটরসাইকেলের আরেক আরোহী দীপু রায়কে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন সেটি আটক করে।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনাটি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ঠাকুরগাঁও নারগুন খেজুরবাগান থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকদের স্বজনরা এসেছেন। তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। ইতিমধ্যে ট্রাকটিকে আটক করা হয়েছে।
অন্যদিকে সিলেটে প্রাইভেট কারের তিন আরোহী নিহত হয়েছেন। তারা সবাই শিক্ষার্থী ছিলেন। একসঙ্গে চলাফেরা ছিল তিনজনেরই। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় জাফলংয়ের দিক থেকে সিলেটে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মহান (২০), রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ ওরফে সায়েম (২১) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ কালীবাড়ির আব্দুল হাসিমের ছেলে হাফিজুর রহমান (১৯)।
নিহত তিনজনের মধ্যে সৈয়দ মোখলেছ সিলেট কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, আব্দুল আজিজ ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং হাফিজুর রহমান সিলেটের বিদ্যানিকেতন স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা হলেন ছাতকের তাতীকোনা এলাকার সৈয়দ তাহমিদ আহমদ (১৮) ও ছাতক মণ্ডলিভোগ গ্রামের রফিক উল্লাহ ওরফে মাহি (১৮)। তারা দুজনও এসএসসি পরীক্ষার্থী। হতাহতদের মধ্যে সৈয়দ মোখলেছ ও সৈয়দ তাহমিদ আহমদ চাচাতো ভাই।
নিহতদের স্বজন ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ভোরে ছাতক থেকে সিলেটে পাঁচজন মিলে প্রথমে সিলেটের লামাকাজি এলাকায় খেজুরের রস খেতে গিয়েছিলেন। সেখান থেকে সিলেটের জৈন্তাপুরে লাল শাপলার বিল দেখতে যান তারা। শাপলা বিল থেকে সকালে সিলেটের দিকে ফেরার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সৈয়দ মোখলেছ মহান ও আব্দুল আজিজ সায়েম নিহত হন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পর হাফিজুর রহমানের মৃত্যু হন। আহত রফিক উল্লাহ সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। আহত তাহমিদ আহমদও চিকিৎসাধীন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুগার মিলের আখ বহনকারী পরিবহন ট্রলি গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার (২৬) ও ফিরোজ হোসেন (২২) নামে দুই ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে ওই উপজেলার মল্লিকনগর সুগার মিল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মৌসুমি আক্তার ওই উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের আমিরুল ইসলাম শিমুলের বাড়ির সামনের রাস্তায় অটোভ্যান ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইসরাফিল (৪০) নামে ওই কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়।