সিলেট ক্যাডেট কলেজে প্রাক্তনদের মিলনমেলা

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওকাস’-এর আয়োজনে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী নবম পুনর্মিলনী। গতকাল শুক্রবার অসাধারণ আয়োজনে উদযাপিত হয়েছে দ্বিতীয় দিন। এতে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সিলেট ক্যাডেট কলেজে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ‘ওকাস’-এর সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন উপল ও সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ নায়না আক্তার এবং অভ্যাগত অতিথিরা।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ‘ওকাস’ পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং বর্তমান ও প্রাক্তন ক্যাডেটবৃন্দ কর্র্তৃক পরিবেশিত বর্ণাঢ্য প্যারেডে সালাম গ্রহণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। প্যারেড শেষে প্রধান অতিথি সিলেট ক্যাডেট কলেজের শহীদ মিনারের সামনে একটি বৃক্ষ রোপণ করেন। এরপর তিনি ‘ওকাস’-এর নির্বাহী কমিটি, কলেজের কর্মকর্তা ও অনুষদ সদস্যদের সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন। প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ‘ওকাস’ প্রধান অতিথির সম্মানে কলেজে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করে।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান গত বৃহস্পতিবার শুরু হয়। এই দিন প্রাক্তন ক্যাডেটবৃন্দ কলেজে উপস্থিত হতে শুরু করলে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নানাবিধ বর্ণিল আয়োজন ও দেশের স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় সংগীতায়োজনের মধ্য দিয়ে আজ এ পুনর্মিলনীর সমাপ্তি হবে। আইএসপিআর।